1 Answers
উদ্দীপকের রোকাইয়ার বিয়ে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা 'বাল্যবিবাহ'কে চিহ্নিত করে।
বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিবাহকে বাল্যবিবাহ বলে। এছাড়া বর-কনের মধ্যে যেকোনো একজনের বয়স নির্ধারিত বয়সের চেয়ে কম হলেও তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হবে। দারিদ্র্য, সামাজিক নিরাপত্তার অভাব, নিরক্ষরতা, লিঙ্গ বৈষম্য, সামাজিক চাপ ইত্যাদি কারণে এ ধরনের বিবাহ সংঘটিত হয়। ব্যক্তি ও সমাজের ওপর বাল্যবিবাহের প্রভাব যথেষ্ট নেতিবাচক। বিশেষ করে এ ধরনের বিবাহের ফলে মাতৃমৃত্যুর হার, পারিবারিক সহিংসতা, বিবাহবিচ্ছেদ, যৌনবাহিত রোগ, মানসিক সমস্যা ইত্যাদি বেড়ে যায়।
উদ্দীপকে আমরা দেখি, অষ্টম শ্রেণির ছাত্রী রোকাইয়ার বিয়ে হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী জামান আহমেদের সাথে। সাধারণত অষ্টম শ্রেণিতে পড়ুয়া কোনো ছাত্রীর বয়স হতে পারে সর্বোচ্চ ১৩ বছর। বাংলাদেশের আইনে ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে। যেহেতু রোকাইয়ার বয়স আনুমানিক ১৩ বছর সেহেতু তার বিয়েও বাল্যবিবাহের অন্তর্ভুক্ত হবে। এ ধরনের বিবাহ সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে। তাই নিশ্চিতভাবেই বলা যায়, রোকাইয়ার বিয়ে সামাজিক সমস্যা বাল্যবিবাহকে নির্দেশ করে।