1 Answers
মানবজীবনে ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ইবাদত শব্দের অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইবাদত হলো নিঃশর্তভাবে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা। আল্লাহ তায়ালা মানুষকে যে কাজগুলো করতে বলেছেন তা করা এবং যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা। ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কাজ। মানুষের জীবনধারায় ইবাদতকে উপেক্ষা বা অস্বীকার করা যায় না। ইবাদতের জন্যই আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করেছেন। তাই একে বাদ দিলে মানবজাতির সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। ইবাদতের গুরুত্বারোপ করে আল্লাহ তায়ালা বলেন,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ
অর্থ: আর জিন ও মানবজাতিকে আমি কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি (সুরা আয-যারিয়াত: ৫৬)। পৃথিবীতে মানুষ আল্লাহ তায়ালার প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাঁর প্রতিনিধিত্বের সুমহান ও বিরাট দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর দেওয়া প্রতিনিধিত্বের এই দায়িত্ব পালন করাই ইবাদত। আল্লাহর ইবাদতকে কেউ অস্বীকার করলে কাফিরে পরিণত হবে। আল্লাহ বলেন, '(হে নবি!) আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না (সুরা আলে-ইমরান: ৩২)।
পরিশেষে বলা যায়, মানবজীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম। ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তি লাভে আমাদের উচিত ইবাদত সঠিকভাবে আদায় করা।