1 Answers
উদ্দীপকে উল্লেখিত জনাব সাজিদ রাসুলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন। এ পৃথিবীতে মানুষ এবং আল্লাহর সব সৃষ্টি অপেক্ষা রাসুল (স)- কে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ নবি (স)-এর প্রতি একনিষ্ঠ ভালোবাসা ছাড়া বাস্তবজীবনে তাঁর আদর্শের প্রয়োগ ও প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই মুমিনের জীবনে পূর্ণতা লাভের জন্য মহানবি (স)- কে সবার উপরে স্থান দেওয়ার গুরুত্ব অনস্বীকার্য। যা জনাব সাজিদের বক্তব্যেও প্রতিফলিত হয়।
উদ্দীপকের জনাব সাজিদ পিতা-মাতা, সন্তান-সন্ততি তথা সব মানুষ অপেক্ষা মহানবি (স)-কে বেশি গুরুত্ব দিতে বলেছেন। অন্যথায় জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়ে অপূর্ণতা থেকে যাবে। মহানবি (স)-এর প্রতি ভালবাসা প্রদর্শনের গুরুত্ব সম্পর্কে তার এ কথা যথার্থ। রাসুলুল্লাহ (স) ইরশাদ করেন, 'তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত (পূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার কাছে আমি তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব' (বুখারি ও মুসলিম)। সুতরাং একজন প্রকৃত ও সফল মুমিন হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রাসুলুল্লাহ (স) কে সব সৃষ্টির উপর শ্রেষ্ঠ বিবেচনা করতে হবে।