1 Answers
তামিমের পরিবার একটি নৈতিক শিক্ষাগার'- উক্তিটি যথার্থ। নৈতিক ও মানবিক জীবন গঠন ইসলামের পারিবারিক ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। এখানে পিতামাতা যেমন নৈতিকতার আলোকে জীবনযাপন করেন, তেমনি সন্তানদেরকেও তারা বিভিন্ন শিক্ষার মাধ্যমে নৈতিক জীবনাচারে অভ্যস্ত করান। এ উদ্দেশ্যে পিতামাতা সন্তানদেরকে আল্লাহর নির্দেশ পালন, মানবীয় গুণাবলি, দায়িত্ববোধ ও সহানুভূতি সৃষ্টি, শিষ্টাচার ও নিয়মানুবর্তিতা প্রভৃতি ব্যাপারে জ্ঞান দান করেন। নিজের সন্তানকে সুসন্তান এবং নৈতিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে তারা শৈশবেই সন্তানকে ভদ্রতা, বিনয়, সততা, স্নেহ, শ্রদ্ধা প্রভৃতি সুনীতি শিক্ষা দেন। ধর্মীয় বিধি-বিধান পালন করার জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকেই ধর্মানুশীলনে অভ্যস্ত করা ইসলামি পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ। আর এসব কাজ যথাযথভাবে পালনের ফলে পরিবারের সদস্যরা নৈতিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে।
উদ্দীপকে দেখা যায়, শৈশব থেকেই তামিমের পিতামাতা তাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালান। স্কুলে ভর্তি করানোর উদ্দেশ্যে অক্ষরজ্ঞান দানের পাশাপাশি তাকে ইসলামের মৌলিক বিষয়াবলিও শিক্ষা দেন। এছাড়া বড়দের সালাম দেওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ও অন্যান্য আদব-কায়দা শিক্ষা দিচ্ছেন। ধর্ম ও নীতিগত এসব শিক্ষা ও অনুশীলন তামিমকে নৈতিক জ্ঞানে সমৃদ্ধ করবে। এতে সে নৈতিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠতে পারবে।
সার্বিক আলোচনার প্রেক্ষিতে তামিমের পরিবারটিকে একটি নৈতিক শিক্ষাগার বলে অভিহিত করা যায়।