'নাফিসের পরিবার ধর্মীয় ও নৈতিক শিক্ষার একটি আদর্শ স্থান'- উক্তিটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
নাফিসের পরিবার একটি ইসলামি পরিবার হওয়ায় বলা যায় এটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার একটি আদর্শ স্থান। ইসলামি পরিবার শিশুর জন্য একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার থেকেই শিশুরা ধর্মীয় ও নৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। পিতামাতা সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবারেই প্রথম প্রচেষ্টা শুরু করেন। পরিবারে যদি শিশুর যথাযথ মানসিক বিকাশ না ঘটে, তাহলে পরিণত বয়সে তারা প্রকৃত মানুষ হতে পারে না। সেজন্য ইসলামি পরিবারের সন্তানদের নৈতিক ও মানবিক গুণাবলি শিক্ষা দেওয়ার জন্য পিতামাতাকে নির্দেশ দেওয়া হয়েছে। নাফিসের পরিবারের ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ করা যায়।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নাফিস পিতামাতার একমাত্র সন্তান। তার বাবা-মা তাকে অক্ষরজ্ঞান দানসহ ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞানদান করেন। তাছাড়া ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক যেমন- কারো সাথে দেখা হলে সালাম দেওয়া, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ও অন্যান্য আদব-কায়দা শেখাচ্ছেন। নাফিসের বাবা-মা তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নাফিস তার পরিবার থেকে ধর্মীয় ও নৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা লাভ করেছে। এ শিক্ষাই তাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নাফিসের পরিবারটি হলো একটি ইসলামি পরিবার। আর ইসলামি পরিবার ধর্মীয় ও নৈতিক শিক্ষার একটি আদর্শ স্থান।