1 Answers
নরওয়ের এক গবেষণায় জানা যায়, গণিতে ভালো করার জন্য প্রতিভার চাইতে অনেক বেশী গুরুত্বপূর্ণ হলো অনুশীলন। বার বার কোনও এক ধরণের গণিত অনুশীলন করার মাধ্যমেই শিশুরা গণিতে পারদর্শী হয়ে ওঠে, গণিতে তার সহজাত প্রতিভা থাকুক আর না থাকুক।

Psychological Reports জার্নালে সম্প্রতি প্রকাশিত হয় নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (NTNU) এর এই গবেষণার তথ্য। পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরৎ এবং গড়ে ১০ বছর বয়সী ৭০ শিশুর ওপরে এই গবেষণা করা হয়। তারা দেখেন, জন্মগত প্রতিভার তেমন কোনও অবদান নেই গণিতের ক্ষেত্রে। কোনও এক ধরণের গণিত যত বেশী অনুশীলন করেছে এই শিশুরা, তারা সেই ধরণের গণিতে বেশী ভালো করেছে। “যা অনুশীলন করা হয় তাতেই পারদর্শী হয়ে ওঠা যায়,” বলেন NTNU এর মনস্তত্ব বিভাগের অধ্যাপক হারমুন্ডার সিগমুন্ডসন।
এই গবেষক দল মোট নয় ধরণের গণিত করতে দেয় এসব শিশুকে। এর মাঝে ছিলো একেবারেই সাধারণ মানের যোগ-বিয়োগ থেকে শুরু করে মৌখিক গুণন এবং সময় দেখা বা তারিখ দেখার মতো ব্যাপার। “আমাদের এই গবেষণায় নয় ধরণের গণিতে প্রতিভার তেমন কোনও গুরুত্ব খুঁজে পাওয়া যায়নি,” বলন সিগমুন্ডসন।
এটা এভাবে ব্যাখ্যা করা যায়, কোন এক ধরণের গণিতে ভালো হলেই তার মানে এই নয় যে সব ধরণের গণিতে সে ভালো করবে। “যেমন ২৩+৬৭ এর মত সহজ একটি যোগ অঙ্কে যদি কেউ ভালো হয় তার মানে এই নয় যে সে পাটিগণিতেও ভালো করবে।”

অনেক সময়ে ছাত্রদের জন্য সাধারণ অঙ্ক কঠিন না হলেও গাণিতিক সমস্যা পড়ে সেটা বুঝে নেবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সিগমুন্ডসন বলেন, কিছু ছাত্র জ্যামিতির ক্ষেত্রে ভালো ফলাফল দেখাতে পারে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে খারাপ হতে পারে। সেক্ষেত্রে তার উচিত হবে বেশী করে বীজগণিত অনুশীলন করা। এটা কারও কারও ক্ষেত্রে আশীর্বাদ হয়েও আসতে পারে। যেমন অনেকে সব ধরণের গণিতে ভালো হতে পারে না কিন্তু অনুশীলনের মাধ্যমে অন্তত এক ধরণের গণিতে পারদর্শী হতে পারবে তারা।
অনুশীলনের ফলে কেন গণিতে ফলাফল ভালো হতে দেখা যায়? কারণ বিভিন্ন বিষয় অনুশীলনের ফলে মস্তিষ্কের বিভিন্ন নিউরাল কানেকশন সক্রিয় হয়। সিগমুন্ডসন বলেন, সাম্প্রতিক নিউরোলজি দ্বারাও এই ব্যাপারটা প্রমাণিত। যদিও এই গবেষণাটি শুধুমাত্র গণিত নিয়ে করা হয়েছে, কিন্তু পড়াশোনার অন্যান্য ক্ষেত্রেও তা খাটবে। এমনকি পড়াশোনা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যাখ্যা করা যায়। একজন ফুটবলার যদি ২৫ গজ দূর থেকে গোল করার অনুশীলন করেই যান, তবে তিনি ঠিক সেই কাজটিই করতে পারদর্শী হয়ে উথবেন। কিন্তু তাই বলে ট্যাকল করা বা ডিফেন্সে ভালো হবেন না।