শস্য উন্নয়নে, চিকিৎসাক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শস্য উন্নয়নে ও চিকিৎসাক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করা হলো-
বর্তমানে কৃষিতে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর সাহায্যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন- বিটি ভূট্টা, বিটি তুলা। এর সাহায্যে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন- ভাইরাল কোট প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। এছাড়াও জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক প্রতিরোধী ভূট্টা, তুলা ইত্যাদি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করিয়ে বাণিজ্যিকভাবে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়েছে। জিনগত রূপান্তরের মাধ্যমে উদ্ভিদের পুষ্টিমান উন্নত করা হয়েছে। যেমন- ধানে ভিটামিন-এ তথা বিটা-ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। অপরদিকে চিকিৎসা ক্ষেত্রেও এ প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। জিনগত পরিবর্তনের মাধ্যমে ইস্ট হতে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা (ইন্টারফেরন) আবিষ্কার হয়েছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে কৌলিগতভাবে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে বাণিজ্যিক ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা ডায়াবেটিস রোগের চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া, এ প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত E. coli ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে মানুষের বৃদ্ধির হরমোন, এমনকি ক্যানসার ও AIDS এর মতো ঘাতক ব্যাধি চিকিৎসার ঔষধও তৈরি করার প্রচেষ্টা অব্যাহত আছে।