উক্ত আন্দোলনের পথ ধরেই বাংলাদেশ আস্তে আস্তে স্বাধীনতার দিকে এগিয়ে যায়- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উক্ত আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশ আস্তে আস্তে স্বাধীনতার দিকে এগিয়ে যায়- উক্তিটি যথার্থ।
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্যসাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল পূর্ব বাংলার মানুষের প্রথম প্রতিবাদ। । ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম পাকিস্তানি অবাঙালি শাসকগোষ্ঠীর অবহেলা, বঞ্চনা ও শোষণের জাঁতাকলে পিষ্ট হচ্ছিল। এ কারণে ধীরে ধীরে পাকিস্তান রাষ্ট্রের প্রতি বাঙালিদের মোহভঙ্গ ঘটতে শুরু করে। পাকিস্তানিদের বিমাতাসুলভ আচরণের প্রথম প্রকাশ ঘটে বাংলা ভাষার প্রতি অবমাননার মাধ্যমে। বিষয়টি বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। ভাষা আন্দোলন বাঙালিদের কাছে নিজস্ব জাতি সৃষ্টিতে মাতৃভাষা ও সংস্কৃতির গুরুত্ব স্পষ্ট করে তোলে। এভাবে বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। সাংস্কৃতিক অধিকার আদায়ের সংগ্রাম ভাষা আন্দোলন পরবর্তীকালে অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনের জন্ম দেয়। এর ফলেই ষাটের দশকের স্বাধিকার আদায়ের জাতীয়তাবাদী আন্দোলন সম্ভব হয়। এর হাত ধরে পর্যায়ক্রমে আসে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবি। শেষ পর্যন্ত বাঙালি মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, বাঙালি জাতির মধ্যে ভাষা আন্দোলন যে ঐক্যবদ্ধ চেতনার সূচনা ঘটায় তা-ই বাংলাদেশকে ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়।