মায়ের প্রতি মেয়ের উক্তিতে আখলাকে হামিদার যে গুণটি প্রকাশ পায় তার সুফল বর্ণনা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মায়ের প্রতি মেয়ের উক্তিতে আখলাকে হামিদার অন্যতম গুণ 'তাকওয়া' প্রকাশ পায়। কারণ মেয়েটি মাকে আল্লাহর ভয় দেখিয়ে দুধে পানি মেশানো হতে বিরত রেখেছে।
তাকওয়া একটি মহূৎ চারিত্রিক বৈশিষ্ট্য। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনেই সম্মান-মর্যাদা ও সফলতা দান করে। ইসলামি জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। মহান আল্লাহ তায়ালা বলেন,
إنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقُكُمْ
অর্থ: "নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।" (সূরা আল-হুজুরাত : ১৩) যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে সেই আল্লাহ তায়ালার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তায়ালা তাঁকে ভালোবাসেন। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।" (সূরা আত্-তাওবা: ৪)
পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তায়ালার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তায়ালা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন। বিপদাপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিযিক দান করেন। আল্লাহ তায়ালা বলেন, "যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক দান করবেন।" (সূরা আত-তালাক: ২-৩)
পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহাসফলতা দান করবেন। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ! যদি তোমরা তাকওয়া অবলম্বন কর (আল্লাহকে ভয় কর) তবে আল্লাহ তোমাদের ন্যায়-অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় মঙ্গলময়।" (সূরা আল-আনফাল: ২৯)
প্রকৃতপক্ষে তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। এর মাধ্যমে মানুষ সম্মান, মর্যাদা ও সফলতা লাভ করে।