1 Answers
উদ্দীপকের ভাবনা 'একাত্তরের দিনগুলি'র এদেশের শিল্পী ও বুদ্ধিজীবীদের অবদানের দিককে উন্মোচিত করেছে।
একটি দেশের জাতীয় চেতনার জন্ম হয় সেদেশের শিল্প-সংস্কৃতিকে কেন্দ্র করে। শিল্প-সংস্কৃতির মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে সেই চেতনা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন কবি-লেখক, বুদ্ধিজীবী, শিল্পীরা। তারা ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করে অধিকার আদায়ের সংগ্রামে তাদের ঐক্যবদ্ধ করেন।
উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শিল্পী, কলাকুশলী ও শব্দসৈনিকদের ভূমিকা তুলে ধরা হয়েছে। এই বিষয়টি 'একাত্তরের দিনগুলি' স্মৃতিকথায়ও রয়েছে। ১৯৭১ সালে সংবাদের জন্য রেডিও'র নির্ভরশীলতা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের জাগরণমূলক গান, আবৃত্তি, চরমপত্র পাঠ মানুষকে অনুপ্রাণিত করেছে। শিল্পীদের গান মুক্তিযোদ্ধাদের সমস্ত ক্লান্তি মুছে দিয়ে নতুন উদ্যমে যুদ্ধ করে শত্রুনিধনে উদ্দীপনা এনে দিয়েছে। 'একাত্তরের দিনগুলি'তে লেখিকার পরিবারের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার আগ্রহ লক্ষ করা যায়। বুদ্ধিজীবীদের হানাদার বাহিনী এদেশের বিপক্ষে বিবৃতি দিতে বাধ্য করতে চেয়েছে। তাঁরা তা না করে শত্রুর হাতে আত্মাহুতি দিয়েছেন। এভাবে 'একাত্তরের দিনগুলি'র শিল্পী ও বুদ্ধিজীবীদের অবদানের দিকটি উন্মোচিত হয়েছে।