1 Answers
উদ্দীপকে মানুষ পদের জাত্যর্থের দিকটির ইঙ্গিত পাওয়া যায়। একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে। যুক্তিবিদ L.S. Stebbing-এর মতে, 'কোনো পদের জাত্যর্থ হলো এমন গুণ বা গুণের সমষ্টি যা ঐ বস্তু বা বিষয়টিকে ঐ নামে যথার্থভাবে নির্দেশ করে এবং যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্য থেকে বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায়। এখানে উল্লেখ্য যে, একটি পদের বিভিন্ন গুণ বা গুণাবলি থাকতে পারে, কিন্তু যেকোনো গুণ বা গুণাবলিকেই জাত্যর্থ বলা হয় না। জাত্যর্থ হতে হলে ঐ পদের ঐ গুণ বা গুণাবলি সাধারণভাবে থাকতে হবে এবং তা ঐ পদের জন্য বৈজ্ঞানিকভাবেই আবশ্যক হতে হবে। ঐ গুণের মাধ্যমেই ঐ পদকে অন্য বস্তু বা বিষয় থেকে আলাদা করা যাবে। উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও স্পষ্ট করা যাক। মানুষ পদটির জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। কেননা এই দুটি গুণ মানুষের মধ্যে সাধারণভাবে অবস্থান করে এবং এই গুণ দুটি না থাকলে কাউকে মানুষ নামে আখ্যায়িত করা যায় না। উদ্দীপকে কবিরুল বাশার গবেষণায় দেখেছেন যে, প্রাণের দিক থেকে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, অর্থাৎ জীববৃত্তির দিক থেকে। কিন্তু জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, অর্থাৎ বুদ্ধিবৃত্তি গুণটির জন্য মানুষ অন্যান্য প্রাণীর উপর প্রভুত্ব বিস্তার করতে পারে এবং এর ফলে মানুষ সৃষ্টির সেরা।