1 Answers
দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের ভাষাগত প্রকাশকে যুক্তিবাক্য বলে। যেমন- সোনা হয় মূল্যবান। এখানে 'সোনা' ও 'মূল্যবান' এ দুটি পদের মধ্যে একটি ভাষাগত সম্পর্ক প্রকাশ করা হয়েছে। অপরপক্ষে দুটি ধারণার মধ্যে সম্পর্কের মানসিক প্রকাশকে 'অবধারণ' বলে। আমাদের মনে বিভিন্ন বিষয় সম্বন্ধে ধারণা আছে। যেমন- সোনা, পারদ, মূল্যবান, কঠিন ইত্যাদি সম্বন্ধে ধারণা। এরূপ ধারণা দুটিকে মনে মনে একত্রিকরণ করার প্রক্রিয়াকে 'অবধারণ' বলে। অর্থাৎ অবধারণ হচ্ছে দুটি ধারণার মানসিক সংযুক্তিকরণ। দুটি ধারণাকে মনে মনে সংযুক্ত করতে গিয়ে আমরা কোনো সময় তাদের মধ্যকার সম্পর্ককে স্বীকার করি, আবার কোনো সময় অস্বীকার করি। আমরা 'সোনা' ও 'মূল্যবান' এ দুটি ধারণার মধ্যে একটি সম্পর্ককে স্বীকার করে মনে মনে ভাবি- সোনা হয় মূল্যবান। আবার 'পারদ' ও 'কঠিন' এ দুটি ধারণার মধ্যে সম্পর্ককে অস্বীকার করে মনে মনে ভাবি- পারদ নয় কঠিন। সুতরাং অবধারণ একটি মানসিক প্রক্রিয়া। অবধারণ মনের মধ্যেই গঠিত হয়।
একটি অবধারণ যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। অবধারণ হলো দুটি ধারণার একটি মানসিক মিলন। আর যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে একটি ভাষাগত মিলন। সেজন্য বলা হয়, অবধারণের ভাষায় প্রকাশিত রূপই হলো যুক্তিবাক্য।