1 Answers
উদ্দীপকের সমিতিগুলোর উদ্দেশ্য সফলতার পেছনে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠনের যে নতুন ভাবনা তার যৌক্তিকতা যথেষ্ট।
কতিপয় প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। অন্তত দশটি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে পারে। প্রাথমিক সমবায় সমিতির কার্যে নির্বাহী কমিটির সদস্যদের মধ্য থেকে নির্বাচিত কর্মকর্তাদের দ্বারা কেন্দ্রীয় সমবায় সমিতি পরিচালিত হয়। আমাদের দেশের গ্রাম পর্যায়ের প্রাথমিক সমবায় সমিতিগুলো ইউনিয়ন বা থানা পর্যায়ে সংগঠিত হয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করে।
উদ্দীপকে সোহাগপুর গ্রামের কুটির শিল্পের ব্যবসায়িগণ মিলে একটি সমিতি গঠন করে। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে সমস্ত মধ্যস্থব্যবসায়ীর কারণে তারা ব্যবসায়ের ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে তাদের উচ্ছেদ করা। এদেশের ক্ষুদ্র পুঁজির উৎপাদকগণ যে সমস্ত পণ্যদ্রব্য উৎপাদন করে তা অনেক ক্ষেত্রেই অভাবের তাড়না বা বাজার সম্পর্কে অজ্ঞতার কারণে স্থানীয় ফড়িয়া দালাল প্রভৃতি মধ্যস্থব্যবসায়ীদের নিকট নামমাত্র মূল্যে বিক্রয় করতে বাধ্য হয়। তাদের দেখাদেখি সোহাগপুর গ্রামের আশপাশের অনেক গ্রামেই এ ধরনের সমিতি গড়ে উঠেছে। এখন তারা ভাবছে একই ইউনিয়নের এই সমিতিগুলো একত্রিতভাবে সংগঠিত হলে তাদের উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে। এরূপ সমবায় সমিতি মধ্যস্থব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ করে ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের সমিতিগুলোর উদ্দেশ্য সফলতার পেছনে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠনের যে নতুন ভাবনা তার যৌক্তিকতা যথেষ্ট।