1 Answers
গবাদিপশুর মতো মৎস্য চাষের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রয়েছে। নগরায়ণ, যান্ত্রিক সভ্যতা, কলকারখানার প্রসার, জ্বালানি তেল ও কয়লার যথেচ্ছ ব্যবহার, বৃক্ষ নিধন ইত্যাদির ফলে বায়ুমণ্ডলে CO₂ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। ফলে জলবায়ুর পরিবর্তন প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। নিম্নে মাছ চাষে জলবায়ুর প্রভাব আলোচনা করা হলো-
i. জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে গেছে। চাষিদের পোনা ছাড়তে দেরি হচ্ছে। ফলে মাছ চাষের সময় কমে যাচ্ছে এবং মাছ বড় হওয়ার আগেই ছোট মাছ বাজারজাত করতে হচ্ছে। চাষিরা লোকসানের সম্মুখীন হচ্ছে।
ii. স্বল্প গভীর পুকুরে অধিক তাপমাত্রায় মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার বেড়ে যাচ্ছে। ফলে উৎপাদন কম হচ্ছে।
iii. কম বৃষ্টির কারণে চাষের পুকুরে কম পানি পাওয়া যাচ্ছে। ফলে পুকুরে বা খামারে পানি সরবরাহে চাষিকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে।
iv. বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাসের তীব্রতা এবং সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় স্বাদু পানির মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র নষ্ট হয়ে যাচ্ছে। ফলে মৎস্য সেক্টরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়ে চাষিদের দুর্ভোগ বাড়ছে।
V. তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
অতএব বলা যায়, জলবায়ুর পরিবর্তনের ফলে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। তাছাড়া বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়ায় অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে।