1 Answers
উদ্দীপকে উল্লিখিত সবজটি হলো মাশরুম। খুব ছোট আকারে নিজ পরিবারের চাহিদা মেটাতে মাশরুম বাসার যেকোনো স্থানে একটি তাকে চাষ করা যায়। মাশরুম এক প্রকার ছত্রাক যার পুষ্টিগুণ অনেক। এই সবজিটি তুলনামূলকভাবে কম সময় ও অল্প পরিশ্রমে চাষ করা যায়। মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- মাশরুম বীজ বা স্পন, ধানের খড়, পাতলা পলিথিন ব্যাগ, ঝুলন্ত শিকা, ছিদ্রযুক্ত কালো পলিথিন শিট, হাইগ্রোমিটার, হ্যান্ড স্প্রেয়ার, জীবাণুনাশক, ব্লেড বা ছুরি ও বালতি। প্রথমে এক কেজি ধানের খড় ৪-৫ ইঞ্চি মাপের টুকরো করে কেটে বেড তৈরি করা হয় এবং তা ১২ ঘণ্টা ৮৫ ডিগ্রি সে. তাপমাত্রার পানিতে ডুবিয়ে পরবর্তীতে ৩০ মিনিট সিদ্ধ করা হয়। তারপর খড়গুলো কড়াই থেকে তুলে পানি ঝড়িয়ে সেগুলো মেঝে বা চাটাইয়ের উপর রেখে ঠান্ডা করা হয়। বীজ পলিব্যাগ থেকে বের করে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো করে রাখা হয়। অন্যদিকে পলিব্যাগে বায়ু চলাচলের জন্য ৪০-৬০টি ছিদ্র করে তার ভিতর ৪-৫ ইঞি উঁচু খড়ের স্তর এবং তার উপরে ২৫ গ্রাম টুকরো স্পন ছড়িয়ে দিতে হয়। এভাবে পলিথিন ব্যাগে ৫টি খড়ের স্তরের মধ্যে ৪ স্তরে বীজ দিয়ে ব্যাগের মুখ বন্ধ করে বেড তৈরি করা হয়। এ সময় ঘরের তাপমাত্রা ২৮-৩৬ ডিগ্রি সে. ও আর্দ্রতা ৮০-৯০% রাখা হয়। প্রস্তুত বেড অন্ধকার ঘরের মাচার উপর ১৪ দিন রেখে দিলে বীজ গজিয়ে ব্যাগের মধ্যে খড়ের চারদিকে ছড়িয়ে পড়ে। পরে অন্ধকার ঘর থেকে সরিয়ে ব্যাগ থেকে খড়ের বেড বের করে উৎপাদন কক্ষে ঝুলিয়ে রাখা হয়। উন্মুক্ত করা ব্যাগে প্রতিদিন সকালে ও বিকেলে স্প্রেয়ার দিয়ে পানি ছিটিয়ে দিতে হয় এবং পোকামাকড় ও জীবজন্তুর হাত থেকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয়। পলিথিন ব্যাগ থেকে বেড বের করার ৭-১০ দিন ব্যবধানে মোট ৩ বার মাশরুম সংগ্রহ করা যায়।
উৎপাদন পদ্ধতিটি সাশ্রয়ী এবং শেষ হতে মাত্র ২ সপ্তাহের মতো সময় লাগে, যা অন্য অনেক সবজির তুলনায় অধিক দ্রুত ও সহজ।