1 Answers
উদ্দীপকের শেষে উল্লিখিত শাহিদার স্বামীর মতটিকে আমি সমর্থন করি না। কারণ সে নারীদের অর্থনৈতিক অধিকার নেই বলে মনে করে। ইসলাম এমন একটি ধর্ম যেখানে নারীদের অর্থনৈতিক অধিকারের পরিপূর্ণ সমর্থন রয়েছে। ইসলামে বলা হয়েছে, নারীরা শরিয়তসম্মত পন্থায় অর্থোপার্জন ও সঞ্চয় করতে পারবে। আল্লাহ এ সম্পর্কে বলেছেন, 'পুরুষরা যা উপার্জন করে তাতে পুরুষের অংশ রয়েছে এবং নারীরা যা উপার্জন করে তাতে নারীদের অংশ রয়েছে।' (সুরা নিসা: ৩২)
এছাড়া নারীরা পিতার সম্পত্তির পাশাপাশি স্বামী, ভাই এবং অন্যান্য আত্মীয়-স্বজনের সম্পত্তিতেও অংশ পাবে। এ সম্পর্কে আল্লাহ বলেন, 'পিতামাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পদে নারীর অংশ রয়েছে' (সুরা নিসা-৭)। মা হিসেবেও নারীরা সম্পদ পাবে। আবার বিয়ের সময় মোহরানার মাধ্যমে সম্পদ প্রাপ্তির অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। উদ্দীপকের শাহিদার স্বামীর মানসিকতায় ইসলামের এ বিধান লঙ্ঘনের প্রতিফলন লক্ষ করা যায়। শাহিদা অর্থোপার্জনের জন্য কাজে যোগ দিতে চাইলে সে বাধা প্রদান করে। নারীদের অর্থনৈতিক অধিকার নেই বলে সে মনে করে। তার এরূপ মানসিকতা ইসলামবিরোধী। পরিশেষে বলা যায়, শাহিদার স্বামীর মানসিকতা ইসলাম বহির্ভূত হওয়ার কারণে তার মত আমি সমর্থন করি না।