1 Answers
জীবাণুনাশক যে সাবান কিংবা হ্যান্ডওয়াশ আমরা ব্যবহার করি, তাতে জীবাণুনাশক উপাদান বলতে থাকে কার্বলিক অথবা ট্রাইক্লোসান।
এদের কতটুকু আসলে সত্যিকার অর্থে কাজের? আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞানী এইসব জীবাণুনাশক হ্যান্ডওয়াশ আর সাবানের ওপর একটি জরিপ করেন। জরিপে দেখা যায় যে সাধারণ সাবানের তুলনায় যারা জীবাণুনাশক সাবান ব্যবহার করে, তাদের পেটের অসুখ কিংবা শ্বসনতন্ত্রের অসুখের পরিমাণ খুব একটা আলাদা নয়। সাধারণ সাবান দিয়ে হাত ধুলে তা ব্যাকটেরিয়াঘটিত অসুখের সম্ভাবনা ৫০% কমিয়ে দেয়, আর জীবাণুনাশক সাবান বা হ্যান্ডওয়াশ তা কমায় ৫০%-এর চেয়ে সামান্য কম। এ তো গেলো সাধারণ কথা, কিন্তু এখন এমন এক তথ্যের কথা বলবো, যা শুনে তোমরা চমকে উঠবে।
বিজ্ঞাপনে যেমন দেখায় ব্যাকটেরিয়ার কাজ শুধু তোমাদের পেটের অসুখ সৃষ্টি করা, আর কোন কাজই নেই এদের, এর বেশীরভাগই ভুল ধারণা। আমাদের শরীরে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, তাদের মধ্যে বেশীরভাগই আমাদের জন্য উপকারী। শরীরের অভ্যন্তরের ব্যাকটেরিয়াদের কথা আজ না-ই বা বললাম, কিন্তু শুধু যদি ত্বকের ব্যাকটেরিয়াদের উপকারিতার কথা বলি, তবুও কথা শেষ হবে না।
আমাদের ত্বকে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা এখানে স্থায়ী, এদের স্থায়ী ব্যাকটেরিয়া বলা যায়। এরা এখানে মোটামুটি বসতবাড়ি গড়ে ছেলেপুলে নিয়ে সুখেই আছে, এদের কাজ হল ত্বকের ওপর একটা স্তর তৈরি করা যাতে ত্বক সহজে ক্ষতিগ্রস্ত না হয়। আর বাইরে থেকে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ত্বকে এসে আশ্রয় নেয়, এদের আমরা পর্যটক ব্যাকটেরিয়া বলতে পারি, এদের মধ্যে কিছু আমাদের জন্য ক্ষতিকর, আর কিছু ক্ষতিকর নয়।