1 Answers

উদ্দীপকে উল্লিখিত জামানের পছন্দের বিষয়টি হলো যুক্তিবিদ্যা এবং যুক্তিবিদ্যার জনক হচ্ছেন মহান গ্রিক দার্শনিক এরিস্টটল। কেননা একটি পৃথক শাস্ত্র হিসাবে যুক্তিবিদ্যাকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটলই। তিনিই মূলত যুক্তিবিদ্যার একটি সুস্পষ্ট, সুসংহত ও পরিপূর্ণ রূপরেখা নির্দেশ করেন। আর এ কারণে তাকে যুক্তিবিদ্যার জনক হিসাবে অভিহিত করা হয়। এরিস্টটলের যুক্তিবিষয়ক গ্রন্থাবলির সংকলনের নাম Organon, যার অর্থ উপায় বা যন্ত্র। আর এই উপায় বা যন্ত্র অর্থেই যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ এরিস্টটল যুক্তিবিদ্যাকে জ্ঞানের যেকোনো ক্ষেত্রে ব্যবহারের উপযোগী বৈজ্ঞানিক গবেষণার উপায় বা যন্ত্র বলে মনে করতেন। তার মতে, জ্ঞানের পদ্ধতি নির্দেশই যুক্তিবিদ্যার কাজ। এরিস্টটল যুক্তিবিদ্যাকে প্রকৃত জ্ঞান আহরণের গুরুত্বপূর্ণ বাহন বলে বর্ণনা করেন। কারণ তার মতে, যৌক্তিক রীতি-নীতি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে প্রাথমিক দর্শনচর্চা সম্ভব নয়। এদিক থেকে যুক্তিবিদ্যাকে বলা যায় প্রারম্ভিক বিজ্ঞান। যেকোনো জ্ঞানের অনুশীলনে ব্যবহৃত পদ্ধতির সম্প্রসারণই এ শাস্ত্রের কাজ। সুতরাং একে যেকোনো জ্ঞানানুসন্ধানের পূর্বাবস্থা বলাই সংগত। এরিস্টটলের মতে, যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান। কাজেই এটি অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের অনুরূপ নয় বরং তা সকল বিজ্ঞানের ক্ষেত্রে অপরিহার্য প্রাথমিক স্তর।

4 views

Related Questions