1 Answers
উদ্দীপকে উল্লিখিত কৃষি উন্নয়ন কর্মকর্তা মামুনকে জমিতে সবুজ সার প্রয়োগ করার পরামর্শ দেন। সবুজ সার প্রস্তুতের জন্য যে সকল সবুজ উদ্ভিদ চাষ করা হয় তারা দ্রুত বর্ধনশীল, সহজে পচনশীল, মূলে নাইট্রোজেন সঞ্চয় করে ও উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্যোপাদানের প্রাপ্যতা বাড়ায়। মাটির উর্বরতা বৃদ্ধিতে সবুজ সারের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো:
i. সবুজ সার মাটিতে জৈব পদার্থ যোগ করে যা শেষ পর্যন্ত হিউমাসে রূপান্তরিত হয়। জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে হিউমাসের অবদান অপরিসীম। এটি অনেক খাদ্যোপাদান ধরে রাখে ও তা গাছের গ্রহণযোগ্য করে মাটির রসে ছড়িয়ে দেয়। এটি মাটির ভৌত ধর্মেরও উন্নতি করে থাকে, যেমন- মাটির দানাবন্ধন সহজতর হয়, বায়ু চলাচল বাধামুক্ত হয় এবং তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে।
ii. সবুজ সার প্রস্তুতের জন্য শিম্বী জাতীয় ফসল ব্যবহার করলে জমিতে কিছু পরিমাণে নাইট্রোজেন যোগ হয় যা মাটির উর্বরতা তথা ফসলের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। নাইট্রোজেন ছাড়াও ফসফেট, ম্যাগনেসিয়ামসহ অন্যান্য খাদ্য উপাদান সরবরাহ করে থাকে।
iii. সবুজ গাছ পচার সময় মাটিস্থ জীবাণুর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে প্রাণিজ ও উদ্ভিজ্জ জৈব পদার্থের প্রোটিন অ্যামোনিয়াতে ও পরে নাইট্রেটে পরিবর্তিত হয়ে গাছের ব্যবহারোপযোগী হয়। এছাড়াও নানারকম জৈবিক ক্রিয়ার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
iv. সবুজ সার ব্যবহারের ফলে জমির উপরের মাটি সংরক্ষিত হয়। ধৈঞা, শন, কলাই প্রভৃতি ফসল যখন জমিতে জন্মাতে থাকে তখন সেই শস্যসমূহ এত ঘন হয়ে জন্মে যে বৃষ্টির পানি, ঝড় উপরিভাগের মাটি ধুয়ে কিংবা উড়িয়ে নিতে পারে না। ফলে মাটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
v. অন্যান্য শস্যের মতো সবুজ সারজাতীয় ফসল জমি হতে খাদ্যোপাদান গ্রহণ করে থাকলেও পরে সেই খাদ্য উপকরণসমূহ আবার মাটিতে ফিরিয়ে দেয়। পরবর্তী প্রধান ফসল সে খাদ্যসমূহ যথারীতি গ্রহণ করে।
vi. সবুজ সার প্রয়োগের ফলে ফসলের অন্যতম শত্রু আগাছার উপদ্রব কম হয়।
vii. সবুজ সার জমির আর্দ্রতা ও জো বজায় রাখতে সাহায্য করে।
কৃষক মামুনের ফসলি জমির মাটি অম্লীয় হওয়ায় সবুজ সার প্রয়োগের মাধ্যমে উল্লিখিত প্রক্রিয়ায় মাটির অম্লত্ব প্রশমিত করে ফসল উৎপাদনের মাত্রা বৃদ্ধি করতে সক্ষম হবেন। কাজেই কৃষি উন্নয়ন কর্মকর্তার দেওয়া পরামর্শটি যথার্থ ছিল।