1 Answers
জনাব কামালের বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক। রায়হান বিদেশে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষের কাছ থেকে টাকা নেয়। কিন্তু সে এই প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জনাব কামাল বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা ঠিক নয়। প্রতিশ্রুতি ভঙ্গের আরেক নাম মিথ্যা ও খিয়ানত। তার এ কথার যৌক্তিকতা কুরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায়।
কুরআনে বলা হয়েছে- 'আর সত্যপরায়ণ তারাই যারা ওয়াদা দিয়ে তা পূর্ণ করে' (সূরা আল বাকারা-১৭৭)। অর্থাৎ ওয়াদা দিয়ে তা রক্ষা করা হলো সততার নিদর্শন; আর ওয়াদা ভঙ্গ করা হলো মিথ্যাচারিতা। কারণ মিথ্যা কথা বলেই ব্যক্তিকে প্রতিশ্রুতি ভঙ্গ করতে হয়। এছাড়া আমানতদারিতার মাধ্যমেই ব্যক্তিকে প্রতিশ্রুতি দিতে হয়। প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে ব্যক্তি প্রতিশ্রুত কথা, কাজ, বা জীবন, সম্পদের আমানতদার হয়ে যায়। যখনই ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে তখনই সে আমানতের খিয়ানত করে।
জনাব রায়হান যখন চাকরি দেওয়া এবং বিদেশ পাঠানোর শর্তে এলাকার মানুষের কাছ থেকে টাকা নেয়, তখনই সে তাদের কথা এবং সম্পদের আমানতদার হয়ে যায়। কিন্তু মিথ্যা ছল-চাতুরি করে যখন সে পালিয়ে যায় তখনই এলাকার মানুষ তার মিথ্যাচার এবং প্রতারণার শিকার হয়। ওপরের আলোচনায় প্রমাণিত হয় যে, জনাব কামালের বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক। অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গের আরেক নাম মিথ্যা ও খিয়ানত, যা ইসলামে নিষিদ্ধ। তাই প্রতিশ্রুতি ভঙ্গ করা ঠিক নয়।