1 Answers
টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয় রানের খেলা। বিশ ওভারের এই ক্রিকেটে ব্যাটসম্যানদের দাপটই থাকে বেশি। ব্যাটসম্যানদের চার-ছক্কার ফুলঝুরির সামনে প্রায়ই অসহায় হয়ে পড়েন বোলাররা। তবে এবারের বিপিএলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তৃতীয় বিপিএলে ব্যাটসম্যান নয়, বোলারদের দাপটই বেশি। আর তাই কম রানের ম্যাচও হচ্ছে অনেক। সেজন্য কেউ-কেউ উইকেটকে দুষছেন। আবার কারো-কারো মতে ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই আশানুরূপ রান হচ্ছে না।
মঙ্গলবারের প্রথম ম্যাচ পর্যন্ত ২৫টি ম্যাচ হয়েছে। এর মধ্যে মাত্র ১৪ বার দেড় শতাধিক রানের ইনিংস দেখেছে বিপিএল। ১০০ থেকে ১৫০-এর মধ্যে রান হয়েছে ২৪টি ইনিংসে। বাকি ১২টি ইনিংসে ১০০ রানও হয়নি।
ব্যাটসম্যানদের জন্য হতাশার এবারের বিপিএল দুটো সর্বনিম্ন স্কোরেরও সাক্ষী। গত রোববার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে বরিশাল বুলস। পরের দিন রংপুর রাইডার্সের বিপক্ষে সেই সিলেটই গুটিয়ে গেছে ৫৯ রানে।
কিন্তু কেন এমন দুর্দশা ব্যাটসম্যানদের? কেন এত কম রান হচ্ছে এবারের বিপিএলে? এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর অভিমত, ‘এবারের বিপিএলে রান কম হওয়ার প্রথম এবং প্রধান কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। তা ছাড়া পেস বোলারদের দাপট এবং উইকেটের বিশ্রাম হচ্ছে না বলেও রান কম হচ্ছে। মূলত বর্তমান আবহাওয়ার কারণেই পেস বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছে। বাড়তি বাউন্সও পাচ্ছে তারা।’
রান কম হওয়ার জন্য উইকেটকে দায়ী করতে রাজি নন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান নান্নু, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি উইকেট এতটা খারাপ নয় যে এত লো-স্কোরিং ম্যাচ হবে। এই উইকেটে ১৪০ থেকে ১৫০ রান সহজেই করা সম্ভব। দায়িত্বহীনতা এবং অতিরিক্ত আক্রমণাত্মক শট খেলার প্রবণতার কারণেই ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে যাচ্ছে। তাই দলীয় রানও কম হচ্ছে।’
মাশরাফি বিন মুর্তজা অবশ্য নান্নুর সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না। কম রানের জন্য উইকেটকেও দায়ী করছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক, ‘একটা উইকেটে প্রতিদিনই দুটি করে ম্যাচ হচ্ছে। তাই উইকেটের বিশ্রাম কম হচ্ছে। এবারের বিপিএলে রান কম হওয়ার এটা অন্যতম কারণ।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও কম রানের পেছনে উইকেটের ভূমিকা দেখতে পাচ্ছেন। এ প্রসঙ্গে রংপুর রাইডার্সের অধিনায়কের বক্তব্য, ‘আসলে উইকেট প্রস্তুত হওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। যে সময়টা হয়তো আমাদের কিউরেটররা পাচ্ছেন না। যার প্রভাব ম্যাচে পড়তেই পারে। রান কম হওয়ার এটা একটা কারণ হতে পারে।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy