إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ

ইন্না ছা‘ইয়াকুম লাশাত্তা-।উচ্চারণ

আসলে তোমাদের প্রচেষ্টা নানা ধরনের। তাফহীমুল কুরআন

বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের মুফতী তাকী উসমানী

অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী,মুজিবুর রহমান

নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।মাওলানা মুহিউদ্দিন খান

অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।আল-বায়ান

তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।তাইসিরুল

নিঃসন্দেহ তোমাদের কর্মপ্রচেষ্টা অবশ্য বিভিন্ন প্রকৃতির।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

এ কথার জন্যই রাত ও দিন এবং নারী ও পুরুষের জন্মের কসম খাওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, যেভাবে রাত ও দিন এবং পুরুষ ও নারী পরস্পর থেকে ভিন্ন এবং তাদের প্রত্যেক জোড়ার প্রভাব ও ফলাফল পরস্পর বিরোধী, ঠিক তেমনি তোমরা যেসব পথে ও যেসব উদ্দেশ্যে প্রচেষ্টা চালাচ্ছো সেগুলোও বিভিন্ন ধরনের এবং সেগুলোর পরিণাম বিভিন্ন বিপরীতধর্মী ফলাফলেরও উদ্ভব ঘটে। পরবর্তী আয়াতগুলোতে বলা হয়েছেঃ এসব বিভিন্ন প্রচেষ্টা দু’টি বড় বড় ভাগে বিভক্ত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

প্রচেষ্টা দ্বারা মানুষের আমল বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের কর্ম বিভিন্ন রকমের হয়ে থাকে; কিছু ভালো, কিছু মন্দ। আবার এর ফলাফলও হয় বিভিন্ন রকম, যেমন সামনে আসছে। এ কথাটি বলার জন্য যে রাত ও দিনের শপথ করা হয়েছে, এর তাৎপর্য হয়ত এই যে, যেভাবে রাত ও দিনের ফলাফল বিভিন্ন রকম হয়ে থাকে, তেমনি পাপ ও পুণ্যের ফলও বিভিন্ন রকম। এমনিভাবে আল্লাহ তাআলা নর ও নারীর বৈশিষ্ট্যাবলীতে যেমন পার্থক্য করেছেন, তেমনি মানুষের কর্মের বৈশিষ্ট্যেও পার্থক্য আছে।

তাফসীরে জাকারিয়া

৪. নিশ্চয় তোমাদের কর্মপ্ৰচেষ্টা বিভিন্ন প্রকৃতির।(১)

(১) এ কথার জন্যই রাত ও দিন এবং নারী ও পুরুষের জন্মের কসম খাওয়া হয়েছে। এর তাৎপর্য এই হতে পারে যে, যেভাবে রাত ও দিন এবং পুরুষ ও নারী পরস্পর থেকে ভিন্ন ও বিপরীত ঠিক তেমনই তোমরা যেসব কর্মপ্রচেষ্টা চালাচ্ছে সেগুলোও বিভিন্ন ধরনের এবং বিপরীত। কেউ ভালো কাজ করে, আবার কেউ খারাপ কাজ করে। (ইবন কাসীর) হাদীসে আছে, “প্রত্যেক মানুষ সকাল বেলায় উঠে নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করে। অতঃপর কেউ এই ব্যবসায়ে সফলতা অর্জন করে এবং নিজেকে আখেরাতের আযাব থেকে মুক্ত করে; আবার কেউ নিজেকে ধ্বংস করে।” (মুসলিম: ২২৩)

তাফসীরে আহসানুল বায়ান

৪। অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। (1)

(1) অর্থাৎ, কেউ সৎকর্ম করে; সুতরাং তার প্রতিদান হবে জান্নাত। আর কেউ অসৎ কর্ম করে; আর তার পরিণাম হবে জাহান্নাম। এ আয়াতটি কসমের জবাব।