وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ

ওয়া ইল্লাম তু’মিনূলী ফা‘তাঝিলূন।উচ্চারণ

তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আমাকে আঘাত করা থেকে বিরত থাকো। ১৯ তাফহীমুল কুরআন

তোমরা যদি আমার প্রতি ঈমান না আন, তবে তোমরা আমার থেকে দূরে থাক। মুফতী তাকী উসমানী

যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর তাহলে তোমরা আমা হতে দূরে থাক।মুজিবুর রহমান

তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।মাওলানা মুহিউদ্দিন খান

‘যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমার নিকট হতে দূরে থাক।’ ইসলামিক ফাউন্ডেশন

‘আর তোমরা যদি আমার উপর বিশ্বাস না রাখ, তবে আমাকে ছেড়ে যাও।’আল-বায়ান

তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না আনো, কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাক।তাইসিরুল

আর যদি তোমরা আমাতে বিশ্বাস না কর তাহলে আমাকে যেতে দাও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৯

এটা সেই সময়ের কথা যখন হযরত মূসার পেশকৃত সমস্ত নিদর্শন দেখা সত্ত্বেও ফেরাউন তার জিদ ও হঠকারিতা বজায় রেখে চলছিলো। কিন্তু মিসরের সাধারণ ও অসাধারণ সব মানুষই প্রতিনিয়ত এসব নির্দশন দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে দেখে সে অস্থির হয়ে উঠলো। সেই যুগেই প্রথমে সে ভরা দরবারে বক্তৃতা করে যা সূরা যুখরুফের ৫১ থেকে ৫৩ আয়াতে পূর্বেই উল্লেখিত হয়েছে (দেখুন, সূরা যুখরুফের ৪৫ থেকে ৪৯ টীকা)। তারপর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত সে আল্লাহর রাসূলকে হত্যা করতে মনস্থ করে। ঐ সময় হযরত মূসা (আ) সেই কথাটি বলেছিলেন যা সূরা মু’মিনের ২৭ আয়াতে উল্লেখ করা হয়েছেঃ

إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ مُتَكَبِّرٍ لَا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ

“যে অহংকারী জবাবদিহির দিনের প্রতি ঈমান পোষণ করে না আমি তার থেকে আশ্রয় গ্রহণ করেছি আমার ও তোমাদের যিনি রব, তার কাছে।”

এখানে হযরত মূসা (আ) তাঁর সেই কথা উল্লেখ করে ফেরাউন ও তার রাজকীয় সভাসদদের বলছেন, দেখো, আমি তোমাদের সমস্ত হামলার মোকাবিলার জন্য ইতিপূর্বেই আল্লাহ‌ রাব্বুল আলামীনের আশ্রয় চেয়েছি। এখন তোমরা আমার কোন ক্ষতি করতে পারবে না। তবে যদি তোমরা নিজেদের কল্যাণ কামনা করো তাহলে আমার ওপর হামলা করা থেকে বিরত থাকো। আমার কথা মানতে না চাইলে না মানো। আমাকে কখানো আঘাত করবে না। অন্যথায়, ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তোমরা যদি আমার উপর ঈমান না আন, তবে অন্ততপক্ষে আমাকে ছেড়ে দাও, যাতে আমি আল্লাহর বান্দাদের কাছে সত্যের বার্তা পৌঁছাতে পারি এবং যাদের ঈমান আনার যোগ্যতা আছে তারা ঈমানের দাওয়াত পেতে পারে। সুতরাং আমাকে কষ্ট দেওয়া ও আমার কাজে বাধা সৃষ্টি করা হতে বিরত থাক।

তাফসীরে জাকারিয়া

২১. আর যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমাকে ছেড়ে যাও।

তাফসীরে আহসানুল বায়ান

(২১) যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। (1)

(1) অর্থাৎ, যদি আমার প্রতি ঈমান না আনো, তো ঠিক আছে আনতে হবে না, তবে আমাকে হত্যা করার অথবা কোন কষ্ট দেওয়ার প্রচেষ্টা করো না।