1 Answers

আসলে এটা নামকরণের একটা ভুল। পারমাণবিক বোমা আর আণবিক বোমা শব্দ দুটি একই ধরণের বোমাকে বোঝাতে ব্যবহৃত হয়। সেটি হল এইটি : কিন্তু এইটি প্রকৃতপক্ষে পারমাণবিক বোমাও নয়, আণবিক বোমাও নয়। এটি হল নিউক্লীয় বোমা। আর পারমাণবিক বোমা হল সাধারণ বিস্ফোরক। আণবিক বোমা বলে আসলে কিছু হয় না। কারণ : বোমা হল এমন একটি অস্ত্র যাতে এমন একটি তাপমোচী (Exothermic) বিক্রিয়াকে ব্যবহার করা হয়, যা অতি অল্প সময়ে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। সেই সহসা উৎপন্ন তাপশক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়ে বিস্তারলাভ করার সময় যে চাপ উৎপন্ন করে, তাতেই ধ্বংসসাধন হয়। অতএব, বৃহত্তর অর্থে বোমার ধরণকে তাতে ব্যবহৃত বিক্রিয়ার ধরণ অনুযায়ী শ্রেণীবিভাজন করা যায়। বিক্রিয়া হল মূলত দুইপ্রকার : রাসায়নিক বিক্রিয়া (Chemical reaction) নিউক্লীয় বিক্রিয়া (Nuclear reaction) রাসায়নিক বিক্রিয়ার সময় তাতে অংশগ্রহণকারী পদার্থসমূহের অণুগুলি (molecules) পরমাণুতে (atoms) বিভাজিত হয় এবং সেই পরমাণুগুলি নিজেদের মধ্যে নতুনভাবে সজ্জিত হয়ে নতুন ধরণের অণুদের পুনর্গঠন করে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণুরা। সাধারণ বোমা বা বিস্ফোরকে এইরকম রাসায়নিক বিক্রিয়া ব্যবহার হয়। তাই আসলে সাধারণ বোমাকেই পরমাণু বোমা বলা উচিত। অণু নিজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা বলে আণবিক বোমা বলতে আসলে কিছু হয় না। অপরদিকে নিউক্লীয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণুর কেন্দ্রের অংশটি যাকে পরমাণুকেন্দ্রক বা atomic nucleus বলে। আমরা জানি নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন কণার দল। একটি নিউক্লিয়াসকে একটি নিউট্রন কণা দিয়ে ধাক্কা মেরে বা একাধিক নিউক্লিয়াসের মধ্যে পরস্পর ধাক্কা লাগিয়ে তাদের প্রোটন ও নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটানো যায়। এইধরণের প্রক্রিয়া ঘটলে নতুন প্রকারের নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার সাথে সাথে বিপুল পরিমাণ শক্তিও মুক্তি পায়। এই নিউক্লীয় বিক্রিয়াগুলিকে ব্যবহার করে যে বোমা তৈরি হয় তাকেই বলে নিউক্লীয় বোমা’ বা ন্যুক (Nuclear bomb বা Nuke)। কিন্তু অনেকসময়েই নিউক্লীয় বোমাকে বলা হয়ে থাকে পরমাণু বোমা বা পারমাণবিক বোমা যেটা বিজ্ঞানের দৃষ্টিতে সঠিক নয়। তবে নিউক্লিয়াস মানে পরমাণুকেন্দ্রক বলে পারমাণবিক বোমা নামটি তাও চলতে পারে কিন্তু অণু আর পরমাণুকে প্রায় একই জিনিস মনে করে পারমাণবিক বোমাকে অনেকসময় বলা হয় আণবিক বোমা- যেটা একেবারেই ভুল! আণবিক বোমা বলে বিজ্ঞানের দৃষ্টিতে কিছুই হয় না। অতএব, টেকনিক্যালি সাধারণ বোমা আসলে হল পরমাণু বোমা। পরমাণু বোমা আসলে হল নিউক্লীয় বোমা। তবে সাধারণ বোমাকে আবার সর্বসমক্ষে পরমাণু বোমা বলতে যাবেন না যেন! লোকে হাসাহাসি করবে। ‘পরমাণু বোমা’ নামটি নিউক্লীয় বোমার (বিশেষ করে Fission বোমা-র) বহুল প্রচলিত নাম হয়ে গেছে শুরু থেকেই।

3631 views