1 Answers

চলা শব্দের বাংলা অর্থ [চলা] (ক্রিয়া) ১ যাওয়া; গমন করা। ২ যাত্রা করা বা অগ্রসর হওয়া (চল, চল, চল/ ঊর্ধ্ব গগনে বাজে মাদল-কাজী নজরুল ইসলাম)। ৩ হাঁটা (চলতে গেলেই দলতে হয়রে দূর্বাকোমল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ প্রস্থান করা; ছেড়ে যাওয়া (কেহ গেল দলে, কেহ চলে-কাজী নজরুল ইসলাম)। ৫ অতিবাহিত হওয়া; কেটে যাওয়া (দিন চলে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ নির্বাহ হওয়া; নিষ্পন্ন হওয়া (সংসার চরা)। ৭ কুলানো; পোষানো (এই বেতনে কী করে চলবে)। ৮ সক্রিয় হওয়া (কারখানা চলা)। ৯ সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (নিশ্বাস চলা)। ১০ প্রচলিত বা চালু হওয়া বা থাকা (গহনার ডিজাইন চলা)। ১১ আচরণ বা ওঠা-বসা করা। ১২ যুক্তিযুক্ত বা সঙ্গত অনুমোদনযোগ্য হওয়া (তা বলে ভাবনা করা চলবে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১২ কার্য সাধন হওয়া (তাঁর মুখের এক কথাতেই চলবে)। ১৪ আরম্ভ হওয়া (এবার আড্ডা চলবে)। ১৫ অব্যাহত থাকা; অবিচ্ছেদে চলতে বা ঘটতে থাকা (রস পেতে চল্‌লো-নতুন নতুন উপায়ে নয়, সেই সব পুরানো উপায়েই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ১৬ মহাযাত্রা বা মৃত্যু-যাত্রা করা। ১৭ দৃষ্টি প্রসারিত বা অগ্রসর হওয়া (অন্ধকারে চোখ চলে না)। ১৮ স্বীকৃত বা অগ্রাহ্য হওয়া (সমাজে চলা)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) চলতে হয় এরূপ; চলার (পায়ে চলা পথ)। চলাফেরা (বিশেষ্য) ১ ইতস্তত ভ্রমণ; পায়চারি। ২ হাঁটার ভঙ্গি। ৩ চালচলন। ৪ হাঁটা চলা; হাঁটাহাঁটি (বুড়ো মানুষ অত চলাফেরা করতে পারেন না।। ৫ আনাগোনা বা যাওয়া আসা (এই পথেই চলাফেরা)। চলে আসা (ক্রিয়া) ১ প্রন্থান করা বা স্থান ত্যাগ করে আসা। ২ দ্রুত আসা; পা চালিয়ে আসা। চলে চলা (ক্রিয়া) দ্রুত অগ্রসর হওয়া; সত্বর পা চালানো। কথা মতো চলা (ক্রিয়া) আদেশ বা উপদেশ পালন করা; কথা শোনা; বাধ্য হওয়া। পেটচলা (ক্রিয়া) জীবিকা নির্বাহ করা; আহার্য সংগৃহীত হওয়া। মুখচলা (ক্রিয়া) ১ তিরস্কার করা; গালি দেওয়া। ২ ক্রমাগত খাওয়া। হাত চলা, হাত-পা চলা (ক্রিয়া) প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+(বাংলা) আ};

10948 views