আরিফুল ইসলামের পবিত্র হজব্রত পালন করার সিদ্ধান্তটি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আরিফুল ইসলামের পবিত্র হজব্রত পালনের সিদ্ধান্তটি যথোপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়।
হজ আল্লাহ তায়ালার এমন একটি ইবাদত যা কিছু শর্ত পূরণ সাপেক্ষে কেবল কিছু মানুষের জন্য ফরজ করা হয়েছে। হজ ফরজ হওয়ার জন্য ব্যক্তির আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা আবশ্যকীয় শর্ত। এই শর্ত পূরণ হলে একজন ব্যক্তির জীবনে কেবল একবারই হজ করা ফরজ বলে গণ্য হয়। সামর্থ্যবান সকলেরই উচিত এই ইবাদত পালন করা।
আরিফুল ইসলাম একজন বিত্তশালী লোক। সড়ক দুর্ঘটনায় আহত হলেও বর্তমানে তিনি সুস্থ। এমতাবস্থায় তার ওপর হজ পালন করা ফরজ। তাই হজ পালনের সিদ্ধান্ত নিয়ে তিনি তার ওপর অর্পিত একটি দায়িত্ব পালনে সচেষ্ট হয়েছেন। হজ ফরজ হলে তা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য কর্তব্য। এক্ষেত্রে হজ পালন না করলে গুনাহের সম্মুখীন হতে হবে। পক্ষান্তরে সঠিকভাবে হজ পালন করলে আল্লাহ তায়ালা বান্দার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছু নয় বলে রাসুলুল্লাহ (স) সুসংবাদ দিয়েছেন। সুতরাং, আরিফুল ইসলাম হজ পালনের মাধ্যমে উপর্যুক্ত পুরস্কার লাভ করবেন। এ পরিপ্রেক্ষিতে তার সিদ্ধান্তটি অত্যন্ত যথার্থ বলা যায়।
পরিশেষে বলা যায়, আরিফুল ইসলামের মতো সব সামর্থ্যবান লোকেরই উচিত হজ পালনের জন্য নিয়ত করা এবং আন্তরিকতার সাথে তা পালনে সচেষ্ট হওয়া। তাহলেই আখিরাতে তারা সফলতা লাভ করবেন।