1 Answers
আমার মনে আছে ছোটবেলায় ঝকঝকে সূর্যের আলো দেখলেই মনটা কেমন যেন খুশি খুশি হয়ে উঠতো। তাই বলে আমি গ্রীষ্মের দুপুরের কাঠফাটা রোদের কথা বলছি না। শুধু ছোটবেলায় কেন, এখনও ঠিক তেমনভাবেই মনটা ভালো হয়ে যায়। শরৎকালের রোদ্দুর মানে তো পুজো পুজো গন্ধ চারিদিকে। বৃষ্টি হওয়ার পর মেঘের ফাঁক দিয়ে উঁকি মারা যে সূর্যের আলোটা বেরোয় তাতে যেন চারপাশ আরো সবুজ দেখায়।
এই মন ভালো করার জন্য সূর্যের আলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসছি:
সঠিকভাবে সূর্যের আলো গায়ে পড়লে আমাদের শরীরে এন্ডোর্ফিন নামক একরকমের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের জন্য আমাদের মন মেজাজ ভালো থাকে। এই এন্ডোর্ফিন হরমোন ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে। ডিপ্রেশন বা অবসাদ কাটাতেও সূর্যের আলো খুব উপকারী।
শুধুমাত্র অবসাদ কাটানো নয়, আমাদের ঘুমিয়ে যেতে এবং জাগিয়ে তুলতে সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন আমাদের শরীর থেকে মেলাটোনিন নিঃসৃত হয়। এটি আমাদের ঘুমাতে সাহায্য করে। সেইজন্য ঠিকমতো ঘুম না হলে আমাদের মধ্যে একটা ক্লান্তির ভাব আসে, মনমেজাজ খিটখিটে হয়ে থাকে। আর ঠিকঠাক ঘুম হলে সকালে ওঠার পর আমরা নিজেদের মধ্যে একটা সতেজ ভাব লক্ষ্য করে থাকি, সারাদিনের কাজের জন্য একটা উদ্যম পাই।
অনেক এয়ারলাইন্স এখন তাদের উড়োজাহাজের কেবিনে এমন ধরণের লাইটিং ব্যবহার করে, যেটি জেট-ল্যাগ কাটিয়ে উঠতে সাহায্য করে। বোর্ডিং-এর জন্য তারা ব্যবহার করে উজ্জ্বল আলো, ডিনার খাওয়ার সময় হালকা আলো। এরপর বিশেষ আলো ব্যবহার করে সূর্যাস্তের বিভ্রম তৈরি করা হয় যাতে যাত্রীরা ঘুমিয়ে পড়েন।
এর কারণটি হল যখন শরীর দিনের আলো ফুটেছে বলে টের পায়, আমাদের অপটিক নার্ভ দিয়ে এই আলোর সংকেত তখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। সেই সময় সেরোটোনিন নামের একটি রাসায়নিক নিঃসৃত হয়। এই সেরোটনিন আমাদের মন মেজাজ ফুরফুরে রাখে।
এজন্যে যাঁরা এই মানসিক বিষাদের সমস্যায় ভোগেন তাঁদের জন্য একধরণের উজ্জল আলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয় যা স্যাড ল্যাম্প নামে পরিচিত। এটির আলো দিনের আলোর মতই দেখতে। সকালবেলায় আধ ঘন্টার মতো এরকম আলোতে কাটালে আমাদের দেহঘড়ির ছন্দ ঠিক হয়ে যায় এবং আমাদের মানসিক অবস্থা ভালো রাখতে সাহায্য করে।
তবে মনে রাখবেন সকাল ১১টার পর অতিবেগুনি রশ্মির তলায় না যাওয়াই ভালো। তাই সকাল ৮টার পর আধঘণ্টা রোদে কাটান। ওই সময়ে অতিবেগুনি রশ্মির প্রভাব কম থাকে। ছোটরা ১৫মিনিট মতো রোদে কাটালেই চলবে।
তাহলে বুঝতে পারলেন যে মন ভালো করার জন্য সূর্যের আলো কতটা উপকারী! তবে আর কি, যে যার বাড়ির ছাদে বা বারান্দায় সকালের রোদ উপভোগ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy