1 Answers

আমাদের অনেকেই নরসুন্দরের কাছে চুল কাটার পর ঘাড় মালিশ না করে নিলে তৃপ্তি পাই না । এরকমই ২৫ বছর বযসী একজনের নাম  আতিক। চুল কাটানোর পরে প্রায়ই সে ৫-১০ মিনিট ঘাড়-পিঠ মালিশ করে নেয়। বিনিময়ে নাপিতকে কিছু বকশিশ দেয়। একদিন ঘাড় মালিশ করার সময় কট করে একটা আওয়াজ হয়, একটু সামান্য ব্যথাও উঠেছিল। ছেলেটি অতটা গ্রাহ্য করেনি। দু-এক দিন পর সে আবার ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগল। ক্রমে ব্যথা বাড়ছে। মা ভাবলেন, হয়তো উল্টাপাল্টাভাবে শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। মা প্রতিদিন বালিশ রোদে দিতে লাগলেন, ঘাড়ে গরম কাপড় দিয়ে সেঁক দিতে শুরু করলেন। কিছুতেই ব্যথা কম হচ্ছে না; বরং দিনদিন বাড়ছেই। একপর্যায়ে ব্যথা হাতের মধ্য আঙুল পর্যন্ত আসতে শুরু করল। ব্যথার জন্য ঘাড় নাড়ানোও কষ্টকর হয়ে উঠল। চিকিৎসকের শরণাপন্ন হলে, চিকিৎসক পরীক্ষা করে জানালেন, সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়েছে। ঘাড়ের এম আর আই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) ও নার্ভ কনডাকশন স্টাডি পরীক্ষা করে সেটি প্রমাণিত হল। মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যে এক ধরনের ডিস্ক থাকে সেখান থেকে স্নায়ুগুলো বের হয়ে এসে আমাদের হাতে ছড়িয়ে পড়ে। যখন কোনো কারণে ওই ডিস্ক সরে গিয়ে স্নায়ুর ওপর চাপ দেয় তখন ব্যথা ঘাড় থেকে হাতের দিকে আসে। একে সারভাইক্যাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস বলে। এর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না, রোগীর অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এতে অবস্থার উন্নতি না হলে অপারেশনও লাগতে পারে।

এই ছেলেটির সমস্যাটি কেন হল? খোঁজ নিয়ে জানা গেল, নরসুন্দর ঘাড়-পিঠ মালিশ করে বিভিন্ন ভঙ্গিমায়, কোনো সময় মাথার ওপর চাপ দেয়, কখনও ঘাড় বাঁ দিকে ও ডান দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের জন্য ক্ষতিকারক। এতে ঘাড়ের স্নায়ুতে চাপ পড়ার আশংকা থাকে।
পরামর্শ

 * সেলুনে গিয়ে কখনও ঘাড় বা মাথা মালিশ করবেন না।
 * ঘাড় কখনও খুব বেশি পেছনে বা পাশে কাত করতে দেবেন না। এতে হঠাৎ করে সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হতে পারে।

8301 views Answered

Related Questions

Next steps