1 Answers
বমি ভাব, শরীরের বিভিন্ন অংশে ব্যথা আর সারছিলই না বছর ত্রিশের শর্বরী দেবনাথের। ডাক্তারের কাছে যাওয়া হল। নানা কথার ফাঁকে জানতে চাইলেন, শর্বরী নিয়মিত কোনও ওষুধ খান কি না। শর্বরী জানালেন, ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন গত এক বছর ধরে। ডাক্তার অবাক। তাঁকে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিলেন কে? জানা গেল, নানা বিজ্ঞাপন দেখে তিনি নিজেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ট্যাবলেট খাচ্ছেন। স্পষ্ট হল, ব্যথা, বমিভাবের উৎসও সেটাই।
বিচ্ছিন্ন নজির নয়, ডাক্তারের পরামর্শ ছাড়া স্রেফ কিছু ভাসা-ভাসা ধারণার বশে অনেকেই ইদানীং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেছেন। ডাক্তারদের মতে, এর পরিণতি খুবই উদ্বেগজনক। অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে গেলে হার্টের অসুখের ঝুঁকি বাড়ে। পেট ব্যথা, বমিভাব, অবসাদ এমনকী কিডনিতে পাথরও হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যানসারের ভয় থাকে। শরীরে আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের মিশে যাওয়া নিয়ন্ত্রিত করে দেয় অতিরিক্ত ক্যালসিয়াম।
অর্থোপেডিক বিপ্লব দলুই জানান, কিছু কিছু মাপকাঠি দেখে তবেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়ার কথা ভাবা হয়। রক্তে ক্যালসিয়ামের মাত্রা, ডেক্সা স্ক্যান করে হাড়ের ঘনত্ব ইত্যাদি দেখে তবেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া উচিত। তাঁর কথায়, ‘‘ইচ্ছে মতো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিই বেশি। শরীরের বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম জমে সমস্যা হতে পারে। বিশেষত কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে।’’
অর্থোপেডিক কুণাল সেনগুপ্তের মতে, ‘ওভার মেডিকেশন’ এ ক্ষেত্রে খুব ক্ষতিকর। শরীরের বিভিন্ন পেশীতে ক্যালসিয়াম জমতে থাকে। তিনি বলেন, ‘‘মেনোপজের পরে মহিলাদের আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে বলি। অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়ার নির্দিষ্ট সঙ্কেত পেলে খেতে বলা হয়। তাঁর কথায়, ‘‘পুরুষেরা সাধারণত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কম খান। মহিলারাই বরং বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করে দেন। হয়তো সবে ত্রিশ ছুঁয়েছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তাই নেই, তা-ও হরেক বিজ্ঞাপনে মজে তিনি খাওয়া শুরু করলেন। তাতে সমস্যা তো হবেই। হাইপার ক্যালসেমিয়া খুবই খারাপ।’’
দেশ-বিদেশের নানা সমীক্ষা রিপোর্ট দাবি করছে, বিপদ এড়ানোর নিশ্চয়তা খুবই কম। ইউনাইটেড স্টেটস প্রিভেনটিভ সার্ভিসেস টাস্ক ফোর্স ১৩৫টি সমীক্ষা রিপোর্টের তুল্যমূল্য বিচার করে জানিয়েছে, মহিলাদের হাড় ভাঙা ঠেকাতে ক্যালসিয়াম ট্যাবলেটের ভূমিকা নগণ্য। এ দেশেও নানা সমীক্ষায় ধরা পড়েছে একই তথ্য। সূত্র : আনন্দবাজার পত্রিকা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy