وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

ওয়ালা-তামনুন তাছতাকছির।উচ্চারণ

বেশী লাভ করার জন্য ইহসান করো না তাফহীমুল কুরআন

এবং অধিক পাওয়ার প্রত্যাশায় অনুগ্রহ করো না, মুফতী তাকী উসমানী

অধিক পাওয়ার প্রত্যাশায় দান করনা।মুজিবুর রহমান

অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।মাওলানা মুহিউদ্দিন খান

অধিক পাওয়ার প্রত্যাশায় দান কর না। ইসলামিক ফাউন্ডেশন

আর অধিক পাওয়ার আশায় দান করো না।আল-বায়ান

(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশে।তাইসিরুল

আর অনুগ্রহ করো না বেশি পাবার প্রত্যাশায়,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মূল বাক্যাংশ হলো وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ একথাটির অর্থ এতো ব্যাপক যে, একটি মাত্র কথায় অনুবাদ করে এর বক্তব্য তুলে ধরা সম্ভব নয়।

এর একটি অর্থ হলো, তুমি যার প্রতিই এহসান বা অনুগ্রহ করবে, নিস্বার্থভাবে করবে। তোমার অনুগ্রহ ও বদান্যতা এবং দানশীলতা ও উত্তম আচরণ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইহসান বা মহানুভবতার বিনিময়ে কোন প্রকার প্রার্থিব স্বার্থ লাভের বিন্দুমাত্র আকাংখাও তোমার থাকবে না। অন্য কথায় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইহসান করো, কোন প্রকার স্বার্থ উদ্ধারের জন্য ইহসান করো না।

দ্বিতীয় অর্থ হলো, নবুওয়াতের যে দায়িত্ব তুমি পালন করছো। যদিও তা একটি বড় রকমের ইহসান, কারণ তোমার মাধ্যমেই আল্লাহর গোটা সৃষ্টি হিদায়াত লাভ করছে। তবুও এ কাজ করে তুমি মানুষের বিরাট উপকার করছো এমন কথা বলবে না এবং এর বিনিময়ে কোন প্রকার ব্যক্তি স্বার্থ উদ্ধার করবে না।

তৃতীয় অর্থ হলো, তুমি যদিও অনেক বড় ও মহান একটি কাজ করে চলেছো কিন্তু নিজের দৃষ্টিতে নিজের কাজকে বড় বলে কখনো মনে করবে না এবং কোন সময় চিন্তাও যেন তোমার মনে উদিত না হয় যে, নবুওয়াতের এ দায়িত্ব পালন করে আর এ কাজে প্রাণপণ চেষ্টা-সাধনা করে তুমি তোমার রবের প্রতি কোন অনুগ্রহ করছো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

কাউকে এই নিয়তে হাদিয়া-তোহফা দেওয়া যে, সে এর বদলায় আরও বেশি দেবে, এ আয়াতের আলোকে নাজায়েয। এক ব্যাখ্যা অনুযায়ী এই একই হুকুম সূরা রূম (৩০ : ৩৯)-এও গত হয়েছে।

তাফসীরে জাকারিয়া

৬. আর বেশী পাওয়ার প্রত্যাশায় দান করবেন না।(১)

(১) এর কয়েকটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, আপনি যার প্রতিই ইহসান বা অনুগ্রহ করবেন, নিঃস্বাৰ্থভাবে করবেন। আপনার অনুগ্রহ ও বদ্যান্যতা এবং দানশীলতা ও উত্তম আচরণ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইহসান বা মহানুভবতার বিনিময়ে কোন প্রকার পার্থিব স্বাৰ্থ লাভের বিন্দুমাত্র আকাঙ্খাও করবেন না; বেশি পাওয়ার আশায়ও ইহসান করবেন না। দ্বিতীয় অর্থ হলো, নবুওয়াতের যে দায়িত্ব আপনি পালন করছেন এবং এর বিনিময়ে কোন প্রকার ব্যক্তি স্বাৰ্থ উদ্ধার করবেন না; যদিও অনেক বড় ও মহান একটি কাজ করে চলেছেন। কিন্তু নিজের দৃষ্টিতে নিজের কাজকে বড় কাজ বলে কখনো মনে করবেন না এবং কোন সময় এ চিন্তাও যেন আপনার মনে উদিত না হয় যে, নবুওয়াতের দায়িত্ব পালন করে আর এ কাজে প্রাণপণ চেষ্টা-সাধনা করে আপনি আপনার রবের প্রতি কোন অনুগ্রহ করছেন। (দেখুন: কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৬) অধিক পাওয়ার প্রত্যাশায় অনুগ্রহ করো না। (1)

(1) অর্থাৎ, অপরের প্রতি অনুগ্রহ করে এই আশা করো না যে, বিনিময়ে তার থেকে অধিক পাওয়া যাবে।