خَافِضَةٞ رَّافِعَةٌ

খা-ফিদাতুর রফি‘আহ।উচ্চারণ

তা হবে উলট-পালটকারী মহা প্রলয়। ২ তাফহীমুল কুরআন

তা নিচু ও উঁচুকারক জিনিস। মুফতী তাকী উসমানী

এটা কেহকে করবে নীচ, কেহকে করবে সমুন্নত;মুজিবুর রহমান

এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।মাওলানা মুহিউদ্দিন খান

এটা কাউকেও করলে নীচ, কাউকেও করবে সমুন্নত ; ইসলামিক ফাউন্ডেশন

তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত।আল-বায়ান

(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,তাইসিরুল

এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২

মূল আয়াতে ব্যবহৃত শব্দ হচ্ছে خَافِضَةٌ رَافِعَةٌ “নীচুকারী ও উঁচুকারী” এর একটি অর্থ হতে পারে সেই মহা ঘটনা সব কিছু উলট-পালট করে দেবে। নীচের জিনিস উপরে উঠে যাবে এবং উপরের জিনিস নীচে নেমে যাবে। আরেকটি অর্থ এও হতে পারে যে, তা নীচে পতিত মানুষদেরকে উপরে উঠিয়ে দেবে এবং উপরের মানুষদেরকে নীচে নামিয়ে দেবে। অর্থাৎ তা আসার পর মানুষের মধ্যে মর্যাদা ও অমর্যাদার ফায়সালা হবে সম্পূর্ণ আলাদা ভিত্তি ও দৃষ্টিকোণ থেকে। যারা পৃথিবীতে নিজেদেরকে অতি সম্মানিত বলে দাবী করে বেড়াতো তারা লাঞ্ছিত হবে আর যাদের নীচ ও হীন মনে করা হতো তারা মর্যাদা লাভ করবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ একদলকে নিচে নামাবে এক দলকে উঁচুতে নেবে। দুনিয়ায় যারা অহংকার করত, যাদেরকে বড় উঁচু তবকার লোক মনে করা হত, তাদেরকে ধ্বংসের তলদেশে জাহান্নামের গর্তে নিয়ে যাবে আর যারা বিনয় অবলম্বন করত, যাদেরকে নিচ তলার মানুষ মনে করে ছোট চোখে দেখা হত, ঈমান ও সৎকর্মের বদৌলতে তারা জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে যাবে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৩. এটা কাউকে করবে নীচ, কাউকে করবে সমুন্নত(১);

(১) “নীচুকারী ও উচুকারী” এর একটি অর্থ হতে পারে। সেই মহা ঘটনা সব কিছু উলটপালট করে দেবে। কেয়ামত ভয়াবহ হবে এবং এতে অভিনব বিপ্লব সংঘটিত হবে। আরেকটি অর্থ এও হতে পারে যে, তা নীচে পতিত মানুষদেরকে উপরে উঠিয়ে দেবে এবং উপরের মানুষদেরকে নীচে নামিয়ে দেবে। আরেকটি অর্থ এও হতে পারে যে, সেটার সংবাদ কাছের লোকদেরকে আস্তে আসবে আর দূরের লোকদের কাছে উচু স্বরে আসবে। মোটকথা: সেই মহাসংবাদটি দূরের কাছের সবাই শোনতে পাবে। আরেকটি অর্থ হচ্ছে, কিয়ামতের সেদিন কাউকে উঁচু জান্নাতে স্থান করে দেয়া হবে আর কাউকে নীচু জাহান্নামে নিক্ষেপ করা হবে। (ইবন কাসীর; কুরতুবী; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৩) এটা কাউকেও করবে অবনত, কাউকেও করবে সমুন্নত। (1)

(1) অবনত ও সমুন্নত করা বলতে লাঞ্ছিত ও সম্মানিত করা বুঝানো হয়েছে। অর্থাৎ, কিয়ামত আল্লাহর অনুগত বান্দাদেরকে সমুন্নত ও সম্মানিত এবং তাঁর অবাধ্যজনদেরকে অবনত ও লাঞ্ছিত করবে; যদিও দুনিয়াতে ব্যাপার এর বিপরীত হয়। ঈমানদাররা সেখানে সম্মানিত ও মর্যাদাবান হবেন এবং কাফের ও অবাধ্যজনরা সেখানে লাঞ্ছিত ও অপদস্থ হবে।