سَلۡ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

ছাল বানীইছরঈলা কাম আ-তাইনা-হুম মিন আ-য়াতিম বাইয়িনাতিওঁ ওয়া মাইঁ ইউবাদ্দিল নি‘মাতাল্লা-হি মিম বা‘দি মা-জাআতহু ফাইন্নাল্লা-হা শাদীদুল ‘ইক-ব।উচ্চারণ

বনী ইসরাঈলকে জিজ্ঞেস করো, কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি! আবার তাদেরকে একথাও জিজ্ঞেস করো আল্লাহ‌র নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে তাকে আল্লাহ‌ কেমন কঠিন শাস্তিদান করেন। ২২৯ তাফহীমুল কুরআন

বনী ইসরাঈলকে জিজ্ঞেস কর, তাদেরকে আমি কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। যে ব্যক্তি তার নিকট আল্লাহর নিয়ামত এসে যাওয়ার পর তা পরিবর্তন করে ফেলে, (তার মনে রাখা উচিত যে,) আল্লাহর শাস্তি বড় কঠিন। #%১৫৬%#মুফতী তাকী উসমানী

ইসরাঈল বংশীয়দেরকে জিজ্ঞেস কর, আমি কত স্পষ্ট প্রমাণ তাদেরকে প্রদান করেছি। এবং যে কেহ তার নিকট আল্লাহর অনুগ্রহ সম্পদ আসার পর তা পরিবর্তন করে তাহলে জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।মুজিবুর রহমান

বনী ইসরাঈলদিগকে জিজ্ঞেস কর, তাদেরকে আমি কত স্পষ্ট নির্দশনাবলী দান করেছি। আর আল্লাহর নেয়ামত পৌছে যাওয়ার পর যদি কেউ সে নেয়ামতকে পরিবর্তিত করে দেয়, তবে আল্লাহর আযাব অতি কঠিন।মাওলানা মুহিউদ্দিন খান

বনী ইস্রাঈলকে জিজ্ঞাসা কর, আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি! আল্লাহ্ র অনুগ্রহ আসার পর কেউ এটার পরিবর্তন করলে আল্লাহ্ তো শাস্তিদানে কঠোর। ইসলামিক ফাউন্ডেশন

বনী ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। আর যে আল্লাহর নি‘আমত তার কাছে আসার পর তা বদলে দেবে তাহলে নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর।আল-বায়ান

বানী ইসরাঈলকে জিজ্ঞেস কর, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কোন ব্যক্তি আল্লাহর নিয়ামাত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর।তাইসিরুল

ইসরাইলের বংশধরদের জিজ্ঞাসা করো -- স্পষ্ট নিদর্শন-গুলো থেকে কতো না আমরা তাদের দিয়েছিলাম! আর যে কেউ আল্লাহ্‌র নিয়ামত বদল করে তা তার কাছে আসার পরে, তা হলে নিঃসন্দেহ আল্লাহ্ প্রতিফল দিতে কঠোর!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২৯

দু’টি কারণে এ প্রশ্নের জন্য বনী ইসরাঈলকে নির্বাচন করা হয়েছে। একঃ প্রাচীন ধ্বংসাবশেষের নিষ্প্রাণ স্তূপের তুলনায় একটি জীবিত জাতি অনেক বেশী শিক্ষা ও উপদেশের বাহন হতে পারে। দুইঃ বনী ইসরাঈলকে কিতাব ও নবুওয়াতের আলোকবর্তিকা দিয়ে বিশ্ববাসীর নেতৃত্ব দানের আসনে অধিষ্ঠিত করা হয়েছিল। কিন্তু তারা বৈষয়িক প্রীতি, ভোগবাদ, মুনাফিকী এবং জ্ঞান ও কর্মের ভ্রান্তিতে লিপ্ত হয়ে এ নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করেছিল। কাজেই তাদের পরে যে জাতিকে বিশ্ব-নেতৃত্বের আসনে বসানো হয়েছে, তারা এ ইসরাঈলী জাতির পরিণাম থেকেই সবচেয়ে বেশী কার্যকর শিক্ষা গ্রহণ করতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

আল্লাহর ‘নি‘আমত বলতে তাঁর নিদর্শনাবলী বোঝানো হয়েছে। বস্তুত তা আল্লাহ তা‘আলার অতি বড় নি‘আমত, যেহেতু তা গোমরাহী থেকে মুক্তি ও হিদায়াতের কারণ। বনী ইসরাঈল তা পরিবর্তন করেছিল এভাবে যে, আল্লাহ তা‘আলা তো তা প্রকাশ করেছিলেন তাদের হিদায়াতের কারণ হিসেবে, কিন্তু তারা তাকে নিজেদের পথভ্রষ্টতার ‘কারণ’ বানিয়ে ফেলে। অথবা এর অর্থ, তাদের কিতাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দীনের সত্যতা সম্পর্কে যেসব আয়াত ছিল, তা তারা পরিবর্তন ও বিকৃত করে ফেলেছিল। তাছাড়া নি’আমতের পরিবর্তন বলতে নি‘আমতের অকৃতজ্ঞতাকেও বোঝায়। ইয়াহুদীরা পদে-পদেই আল্লাহপ্রদত্ত নি‘আমতের অকৃতজ্ঞতা করত, যেমনটা এ সূরার বিভিন্ন স্থানে বিবৃত হয়েছে, সামনেও বিভিন্ন সূরায় আসবে। (কাশশাফ) -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

২১১. ইসরাঈল-বংশধরগণকে জিজ্ঞেস করুন, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি! আর আল্লাহর অনুগ্রহ আসার পর কেউ তা পরিবর্তন করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর।

তাফসীরে আহসানুল বায়ান

(২১১) বনী ইস্রাঈলকে জিজ্ঞাসা কর, আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি।(1) আল্লাহর অনুগ্রহ উপস্থিত হবার পর কেউ তা পরিবর্তন করলে(2) নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।

(1) যেমন, মূসা (আঃ)-এর লাঠি। এই লাঠির মাধ্যমে মহান আল্লাহ যাদুকরদেরকে পরাস্ত ও সমুদ্রে পথ তৈরী করেন। পাথর হতে বারোটি ঝরনা প্রবাহিত করেন। মেঘের ছায়া এবং মান্ন্ ও সালওয়ার অবতারণ ইত্যাদি সবই মহান আল্লাহর কুদরত এবং মূসা (আঃ)-এর সত্যতারই প্রমাণ, কিন্তু তা সত্ত্বেও তারা আল্লাহর বিধানাদি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

(2) অনুগ্রহ বা নিয়ামত পরিবর্তন করার অর্থ, ঈমানের পরিবর্তে কুফরী ও বিমুখতার পথ অবলম্বন করা।