ক-লাল মালউল্লাযীনাছ তাকবারূমিন কাওমিহী লানুখরিজান্নাকা ইয়া-শু‘আইবুওয়াল্লাযীনা আ-মানূমা‘আকা মিন কারইয়াতিনা-আও লাতা‘ঊদুন্না ফী মিল্লাতিনা ক-লা আওয়ালাও কুন্না-ক-রিহীন ।উচ্চারণ
নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত গোত্রপতিরা তাকে বললোঃ “হে শো'আইব! আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেবো। অন্যথায় তোমাদের ফিরে আসতে হবে আমাদের ধর্মে।” শো'আইব জবাব দিলোঃ “আমরা রাজি না হলেও কি আমাদের জোর করে ফিরিয়ে আনা হবে? তোমাদের ধর্ম থেকে আল্লাহ আমাদের উদ্ধার করার পর আবার যদি আমরা তাতে ফিরে আসি তাহলে তাফহীমুল কুরআন
তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দারগণ বলল, হে শুআইব! আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অন্যথায় তোমাদের (সকলকে) অবশ্যই আমাদের দীনে ফিরে আসতে হবে। #%৫১%# শুআইব বলল, আমরা যদি (তোমাদের দীনকে) ঘৃণা করি তবুও কি?মুফতী তাকী উসমানী
আর তার সম্প্রদায়ের দাম্ভিক ও অহংকারী প্রধানরা বলেছিলঃ হে শু‘আইব! আমরা অবশ্যই তোমাকে, তোমার সংগী সাথী মু’মিনদেরকে আমাদের জনপদ হতে বহিস্কার করব অথবা তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে আসবে। সে বললঃ আমরা যদি তাতে রাযী না হই?মুজিবুর রহমান
তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বললঃ হে শোয়ায়েব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শোয়ায়েব বললঃ আমরা অপছন্দ করলেও কি ?মাওলানা মুহিউদ্দিন খান
তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলল, ‘হে শু‘আয়ব! আমরা তোমাকে ও তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ হতে বহিষ্কার করবই বা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে।’ সে বলল, ‘যদি আমরা তা ঘৃণা করি তবুও ?’ ইসলামিক ফাউন্ডেশন
তার কওম থেকে যে নেতৃবৃন্দ অহঙ্কার করেছিল তারা বলল, ‘হে শু‘আইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে।’ সে বলল, ‘যদিও আমরা তা অপছন্দ করি তবুও?’আল-বায়ান
তার জাতির উদ্ধত সর্দারগণ বলল, ‘ওহে শু‘আয়ব! আমরা তোমাকে আর তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেবই, অথবা তুমি আমাদের ধর্মবিশ্বাসে অবশ্যই ফিরে আসবে।’ সে বলল, ‘আমরা যদি তাতে রাজী না হই তবুও?’তাইসিরুল
তাঁর সম্প্রদায়ের মধ্যে যারা গর্ব করেছিল তাদের প্রধানরা বললে, "আমরা নিশ্চয়ই তোমাকে তাড়িয়ে দেবো, হে শোআইব! আর যারা তোমার সঙ্গে ঈমান এনেছে তাদেরও, আমাদের জনপদ থেকে, অথবা আমাদের ধর্মমতে তোমাদের ফিরে আসতেই হবে।" তিনি বললেন, "কি! যদিও আমরা ঘৃণা করি?মাওলানা জহুরুল হক
হযরত শুআইব আলাইহিস সালামের সঙ্গীগণ পূর্বে তো তাদের কওমের ধর্মেই ছিল। পরে তারা ঈমান এনেছে। কাজেই তাদের সম্পর্কে ‘পুরানো ধর্মে ফিরে যাওয়া’ শব্দের ব্যবহার ঠিকই আছে, কিন্তু হযরত শুআইব আলাইহিস সালাম তো কখনও তাদের ধর্মে ছিলেন না। তাঁর সম্পর্কে এ শব্দ ব্যবহারের কারণ কী? এর উত্তর এই যে, নবুওয়াতের আগে তাঁর কওমের লোক মনে করত, তিনি তাদেরই ধর্মের অনুসারী। এ কারণেই তারা তাঁর জন্যও এ শব্দ ব্যবহার করেছিল। হযরত শুআইব আলাইহিস সালাম উত্তরও দিয়েছেন তাদেরই শব্দে। (অথবা তাঁর সঙ্গীদের সংখ্যাধিক্যের কারণে তাঁকেও তাদের অন্তর্ভুক্ত করে সকলের জন্য একই শব্দ ব্যবহার করা হয়েছে। পরিভাষায় একে, তাগলীব’ বলে। -অনুবাদক)
৮৮. তার সম্প্রদায়ের অহংকারী নেতার বলল, হে শু'আইব! আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। তিনি বললেন, যদিও আমরা সেটাকে ঘৃণা করি তবুও?
(৮৮) তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলল, ‘আমাদের ধর্মে তোমাদেরকে ধর্মান্তরিত হতেই হবে।(1) অন্যথা হে শুআইব! তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস করেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ হতে বহিষ্কৃত করব।’ সে বলল, ‘আমরা অনিচ্ছুক থাকা সত্ত্বেও কি? (2)
(1) ঐ প্রধানগণের দাম্ভিকতা ও আত্মগরিমার কথা আন্দাজ করুন যে, তারা শুধু তওহীদ ও ঈমানের দাওয়াতকে অস্বীকারই করেনি; বরং তার থেকেও সীমা অতিক্রম করে আল্লাহর নবী ও তাঁর উপর ঈমান আনয়নকারীদেরকে হুমকি দিয়ে বলেছিল যে, ‘তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে এস, নচেৎ আমরা তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব।’ ঈমানদারদের পূর্ব ধর্মে ফিরে আসার কথা বুঝে আসার মত। কারণ তারা কুফরী ছেড়ে ঈমান গ্রহণ করেছিল। কিন্তু শুআইব (আঃ)-কেও পূর্ব-পুরুষদের ধর্মে ফিরে আসার দাওয়াত হয়তো এই কারণে যে, তারা তাঁকেও নবুঅত-প্রাপ্তি এবং দাওয়াত ও তবলীগের আগে নিজেদের ধর্মাবলম্বী মনে করত, যদিও সত্য এর বিপরীত। অথবা সংখ্যাধিক্যের দিকে লক্ষ্য করে তাঁকেও নিজেদের মধ্যে শামিল করে নিয়েছে। (এখানে অনেকে ধর্মাদর্শে ফিরে আসার অনুবাদ করেছেন। কিন্তু নবীগণ আদৌ কুফরী ধর্মাদর্শে ছিলেন না। অতএব ফিরে আসার অনুবাদ না করাই উত্তম।) (ফাতহুল ক্বাদীর)
(2) এটি একটি ঊহ্য প্রশ্নের উত্তর। أ (প্রশ্ন) অস্বীকৃতিসূচক। আর و অবস্থা বর্ণনার জন্য। অর্থাৎ, তোমরা কি আমাদেরকে তোমাদের ধর্মে ফিরিয়ে দেবে কিংবা আমাদের নিজ গ্রাম হতে তাড়িয়ে দেবে, যদিও আমরা ঐ ধর্মে ফিরে যেতে বা এই গ্রাম হতে বেরিয়ে যেতে অপছন্দ করি? সার কথা তোমাদের জন্য উচিত নয় যে, তোমরা আমাদেরকে এর মধ্যে কোন একটি করতে বাধ্য করবে।