1 Answers
অনেক ভাবে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরী করা যায়। আমরা শিখব সব চেয়ে সহজ পদ্ধতি যা টোনার ট্রান্সফার পদ্ধতি নামে পরিচিত। আমাদের যা যা লাগবে :-
১. যে সার্কিটের পিসিবি বানাবো তার ডিজাইন।
২. স্টিকার পেপার/গ্লোসি পেপার (ক্যালেন্ডার যে কাগজে প্রিন্ট হয়)।
৩. লেজার প্রিন্টার।
৪. সিসিবি বোর্ড।
৫. ফেরিক ক্লোরাইড।
৬. ড্রিল মেশিন (পিসিবি বানানোর জন্য ছোট আকারের)।
৭. কাপড় ইস্ত্রী করবার আয়রন।
প্রথমে কম্পিউটারে সঠিক মাপে একটি ডিজাইন (যে সার্কিটের পিসিবি বানানো হবে তার) করতে হবে। ডিজাইন টি অবশ্যই মিরর কপি (উল্টা) হতে হবে।
এর পর ঐ ডিজাইন কে একটি স্টিকার পেপার বা গ্লোসি পেপারে হাই রেজুলেশনের লেজার প্রিন্টারে প্রিন্ট করে নিন। সাধারণ ডট প্রিন্টার বা ফটো প্রিন্টার ব্যবহার করলে হবে না। এবার ডিজাইনের সমান মাপে সিসিবি বোর্ড হ্যাক স ব্যবহার করে কেটে নিন। সিসিবি বোর্ড কে যে কোন ভাল ডিস ওয়াশ সাবান/ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। সিসিবি বোর্ড কে পরিস্কারের সময় স্টিলের স্ক্রাবার (মাজনি) ব্যবহার করবেন যাতে করে কোন তেল ময়লা সিসিবি বোর্ডে লেগে না থাকে।
এইবার, ডিজাইনটিকে সিসিবি বোর্ডের উপর মাপ মত রাখুন। প্রিন্ট করা পিঠ বোর্ডের কপার সাইডের দিকে থাকবে। কাপড় ইস্ত্রী করবার আয়রন ভাল করে হীট করে নিন (সর্বোচ্চ গরম করবেন)। এর পর সাবধানে ইস্ত্রী দিয়ে কাগজের উপর ডলতে থাকুন, লক্ষ্য রাখতে হবে যেন হাতে তাপ না লাগে এবং কাগজ বোর্ড থেকে সরে না যায়। ভাল করে ডলবার পর কিছু সময়ের জন্য আয়রনটিকে (২/৩ মিনিট) বোর্ডের উপর দিয়ে রাখুন। এর পর আয়রন তুলে আস্তে আস্তে পুনরায় ২/৩ মিনিট সব জায়গাতে আয়রন করুণ। এবার ঠান্ডা হতে দিন কাগজ সহ বোর্ড কে। একটি পাত্রে পরিমাণ মত পানি দিয়ে বোর্ডটি ২০ মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখুন। এর পর হাতের আঙ্গুলের আলতো ঘসায় ধীরে ধীরে বোর্ড থেকে কাগজ উঠিয়ে নিন ভাল করে। কোথাও যেন বাড়তি কাগজ না থাকে খেয়াল রাখবেন এবং কোন অবস্থায় শক্ত কিছু দিয়ে কাগজ উঠাবেন না।
এবার একটি প্লাস্টিকের পাত্রে পরিমাণ মত হালকা গরম পানি নিন। এই পানিতে ৩/৪ চামচ (অবশ্যই প্লাস্টিকের চামচ বা বস্তু হতে হবে – কোন অবস্থায় ধাতব কিছু ব্যবহার করা যাবে না) ফেরিক ক্লোরাইড পাউডার দিয়ে নাড়ুন। ফেরিক ক্লোরাইড পানিতে মিশবার পর ডিজাইন সহ সিসিবি বোর্ড টি ডিজাইনের দিক উপরের দিক করে ফেরিক ক্লোরাইড মিশ্রনে দিন। ধীরে ধীরে নাড়তে থাকুন। কোন প্রকার তাড়াহুড়ো করবেন না। ১০-১৫ মিনিটের মাঝে ডিজাইন অংশ বাদ দিয়ে বাকী অংশের কপার উঠে যাবে। এর পর সাবধানে তা দ্রবণ থেকে তুলে পানি দিয়ে ধুয়ে ফেলুন (চলন্ত পানি – টেপের নীচে বা মগ দিয়ে হলে সরাসরি ড্রেনে যাতে পানি চলে যায় এমন জায়গা নির্বাচন করুণ)।
ফেরিক ক্লোরাইড বিষাক্ত – কোন অবস্থায় আপনার ত্বক এবং চোখে যেন না লাগে তা বিশেষ ভাবে খেয়াল রাখবেন, ত্বকে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে নিবেন আর চোখে লাগলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হবেন। বড় কারও সহায়তা ছাড়া ছোটদের এই কাজ করা উচিৎ না।
এখন পানি দিয়ে ধুয়ে নেওয়া পিসিবি বোর্ডকে স্ক্রাবার (বাসন মাজবার স্টিলের মাজনী) ব্যবহার করে ভাল করে পরিস্কার করে নিন। পানি দিয়ে ধুয়ে ভাল করে শুকিয়ে নিবেন। এইবার পিসিবি ড্রিল বীট ব্যবহার করে পার্টসের জন্য প্রয়োজনীয় ছিদ্র করবেন। এর পর রজন স্পিরীটে গুলে বা বার্ণিশ (মটর বা কয়েল বাধাই করে এমন দোকানে পাবেন) তুলাতে মেখে কপার অংশে হালকা করে প্রলেপ দিবেন। আপনি এখন পেয়ে গেলেন একটি প্রফেশনাল মানের পিসিবি। একবারে খুব ভাল করবেন না তবে ছোট ছোট সার্কিট দিয়ে অনুশীলন করতে করতে অবশ্যই ভাল করতে পারবেন।
টিকা:
পিসিবি : প্রিন্টেড সার্কিট বোর্ড (ডিজাইন সহ বোর্ড)
সিসিবি: কপার ক্লেড বোর্ড (একপাশে তামার প্রলেপ সহ বোর্ড)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy