1 Answers
গা ১ শব্দের বাংলা অর্থ [গা] (বিশেষ্য) ১ শরীর; দেহ; গাত্র; অঙ্গ (গা ধোওয়া)। ২ বস্তুর উপরিভাগ বা বহিরঙ্গ বা পৃষ্ঠ (বেড়ার গা বেয়ে)। ৩ চামড়া; বহিরাবরণ (গায়ে ছাতলা পড়া)। ৪ অনুভূতি (অপমান গায়ে লাগা)। ৫ মন; ইচ্ছা; গরজ (কাজে গা লাগানো)। ৬ নিকট (ঘরের গায়েই নিম গাছটি)। গা করকর করা (ক্রিয়া) সহ্য না হওয়া; ঈর্ষা হওয়া। গা করা (ক্রিয়া) গরজ করা; মনোযোগ দেওয়া; মন লাগানো। গাকশ কশ করা ( ক্রিয়া) ক্রোধে বা প্রতিশোধ নেওয়ার জন্য উৎসুক হওয়া; আক্রোশ হওয়া। গা কাঁপা (ক্রিয়া) শঙ্কাযুক্ত হওয়া; ভয় বোধ করা। গা কেমন করা, গা কেমন-কেমন করা (ক্রিয়া) ১ ভয়, ঘৃণা বা অসুস্থতাজনিত অস্বস্তি বোধ করা। ২ বমি বমি ভাব হওয়া। গা-গতর (বিশেষ্য) সর্বাঙ্গ; সমস্ত দেহ। গা-গতর হওয়া (ক্রিয়া) মোটা-সোটা হওয়া। গা-গরম (বিশেষ্য ) অল্প জ্বর। গা গুলানো, গা গুলন (ক্রিয়া) বননোদ্রেক হওয়া। গা ঘেঁষা (ক্রিয়া) ১ অত্যন্ত নিকটে বসা। ২ অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। □ (বিশেষণ) গায়ে পড়ে ভাব জমায় এমন (লোকটা বড়ো গা-ঘেঁষা)। গা চাটাচাটি পারস্পরিক প্রশংসা; স্বার্থোদ্ধারের জন্য পারস্পরিক সদ্ভাব। গা জুড়ানো (ক্রিয়া) ১ শান্তি পাওয়া; তৃপ্তি দান করা। ২ শ্রান্তি বা ক্লান্তি অপনোদন বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। □ (বিশেষণ) ১ শান্তিদায়ক বা তৃপ্তিকর। ২ শ্রান্তি ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা ঘুচায় এমন। গা-জোরি, গা-জুরি (বিশেষ্য) জবরদস্তি; শক্তিপ্রয়োগ। □ (বিশেষণ) জবরদস্তিমূলক বা জবরদস্ত; নাছোড়। □ (ক্রিয়াবিশেষণ) জবরদস্তিভাবে; না-ছোড় হয়ে। গা জ্বালা করা (ক্রিয়া) ক্রোধ, ঈর্ষা বা বিরক্তি সৃষ্টি হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা (ক্রিয়া) জড়তা বিসর্জন দিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া; আলস্য ত্যাগ করে উৎসাহের সঙ্গে কর্মে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা (ক্রিয়া) অবসন্নতা অনুভব করা; অসুস্থতা বোধ করা। গা ঢাকা দেওয়া (ক্রিয়া) আত্মগোপন করা। গা ঢেলে দেওয়া (ক্রিয়া) ১ শোওয়া। ২ নিশ্চেষ্ট হওয়া। ৩ সর্বৈব চেষ্টায় প্রবৃত্ত হওয়া। গা তোলা (ক্রিয়া ) গাত্রোত্থান করা; ওঠা। গা দেওয়া (ক্রিয়া) মনোযোগ দেওয়া; যত্ন করা। গা পেতে নেওয়া (ক্রিয়া) বিনা প্রতিবাদে মেনে নেওয়া; নিঃশব্দে স্বেচ্ছায় সহ্য করা। গা ফোলানো (ক্রিয়া) বিক্রম বা শক্তি প্রকাশ করা। গা বমি বমি করা (ক্রিয়া) ১ বমনের ভাব বোধ হওয়া। ২ ঘৃণা বোধ করা। গা ভারী হওয়া (ক্রিয়া) অসুস্থতা বোধ করা। □ ( বিশেষ্য) গর্ভবতী হওয়া। গা ম্যাজ ম্যাজ করা, গা মাটি মাটি করা (ক্রিয়া) আলস্য বোধ হওয়া; ঠাণ্ডা বোধজনিত এক প্রকার অসুস্থ হওয়া। গা মোড়া (বিশেষ্য) শরীরে মোচড় দেওয়া; আড়মোড়া (সুযুপ্ত বিশ্ব গা মোড়া দিয়ে তারই জাগরণের সাড়া দিলে-( কাজী নজরুল ইসলাম))। গা কাঁটা দেওয়া (ক্রিয়া) রোমঞ্চ হওয়া। গায়ে গায়ে শোধ-নগদ টাকা না দিয়ে গায়ে খেটে শোধ দেওয়া। গায়ে গু মাখলে যমে ছাড়ে না-শরীর অপবিত্র বস্তুতে ঢাকলেও মৃত্যু বা আজরাইরের হাত এড়ানো যায় না; অপরাধ করলে কোনো অছিলাতেই শাস্তি থেকে অব্যাহতি পাওয়া যায় না। গাযে জ্বর আসা (ক্রিয়া) কাজ বা অবস্থা দেখে ভয় পাওয়া। গাযে থুথু দেওয়া (ক্রিয়া ) অতিশয় ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। গায়ে দেওয়া (ক্রিয়া) পরা; পরিধান করা। গায়ে নেওয়া (ক্রিয়া) গুরুত্ব সহকারে বিবেচনা করা। গায়ে পড়া (বিশেষণ) ১ উপর পড়া। ২ অযাচিত। ৩ অমায়িকতার আতিশয্য প্রদর্শনকারী গায় পড়ে অক্রি অযাচিতভাবে; উপর-পড়া হয়ে; অনভিপ্রেত আতিশয্য প্রদর্শন করে। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (ক্রিয়া) দায়িত্ব এড়িয়ে শ্রমবিমুখ হয়ে চলা। গায়ে ফোসকা পড়া (বিশেষ্য) ((আলঙ্কারিক)) অসহনীয় যন্ত্রণাবোধ করা; তীব্র অসহিষ্ণু হওয়া। গায়ে মাখা (ক্রিয়া) গায়ে নেওয়া; ধর্তব্যের মধ্যে মনে করা। গায়ে মাস লাগা, গায়ে মাংস লাগা (ক্রিয়া) ১ মোটা হওয়া। ২ শরীর সারা; কৃশতা দূর হওয়া। গায়ের চামড়া তোলা (ক্রিয়া) কঠিন প্রহার দেওয়া। গায়ের জ্বালা (বিশেষ্য) ১ গাত্রদাহ; ঈর্ষা; হিংসা। ২ ক্রোধ; রাগ। গায়ের ঝাল ঝাড়া, গায়ের ঝাল মেটানো (ক্রিয়া) হৃদয়ে সঞ্চিত ক্রোধ পূর্ণ ও প্রবলভাবে প্রকাশ করা। গা সওয়া, গা-সহা (বিশেষ্য ) যা অভ্যস্ত; সহ্য হয় এমন (উপদ্রব গা-সহা হওয়া)। গায়ে হলুদ (বিশেষ্য) বিবাহকালে পাত্র-পাত্রীকে হলুদযুক্ত পানিতে স্নান করানোর অনুষ্ঠান (বিয়ের ফুলটি ফোটার আগেই গায়ে হলুদ যার- মোম)। গায়ে হাত তোলা (ক্রিয়া) প্রহার করা; মার দেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র>};