1 Answers
বিদেশে কর্মরত কোনও নাগরিক বা ব্যক্তি যখন তার নিজের দেশে প্রিয়জনের কাছে অর্থ স্থানান্তর করে, তখন তাকে রেমিট্যান্স বলা হয়। সহজ কথায়, প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স (Remittance) বলে। বিদেশে কর্মরত বাংলাদেশি মানুষেরা তাদের অর্জিত যে অর্থ আমাদের দেশে প্রেরণ করে, আমরা তাকে রেমিট্যান্স বলি। এটা আমাদের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস। বাজেটের প্রায় এক তৃতীয়াংশ যোগান দেয় এই রেমিট্যান্স। অর্থনৈতিক উন্নয়ন এবং একই সাথে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে রেমিট্যান্সের ভূমিকা অনস্বীকার্য। রেমিট্যান্স একই সঙ্গে অর্থনীতির প্রাণশক্তি এবং চালিকা শক্তি। রেমিট্যান্সই ফরেন কারেন্সি রিজার্ভের প্রধান অংশ। আমদানির বিপরীতে বৈদেশিক দেনা পরিশোধে এই রেমিট্যান্স প্রধান ভূমিকা পালন করে থাকে। বিদেশে কর্মরত লাখো মানুষের ঘাম ঝরানো শ্রমে অর্জিত টাকা দেশকে বছরের পর বছর ধরে উন্নত করে চলেছে। তাদের পাঠানো টাকায় সচল আমাদের অর্থনীতির চাকা এবং সচল আমাদের জীবন। টাকা তাদের পরিবারের লোকজনের জীবনকে যেমন করছে দারিদ্র্যমুক্ত এবং সচ্ছল, তেমনি দেশের আর্থসামাজিক অবস্থানকে উন্নত করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২০২১ অর্থবছরে প্রবাসীরা ২৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা এযাবত কালের রেকর্ড। এসময়ে রেমিট্যান্স খাতে ৩৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিগত অর্থবছরের করোনাকালীন সময়ে অনেক বেশি রেমিট্যান্স এসেছে।