1 Answers
ভাঙা, ভাঙ্গা মানে
[ভাঙা, ভাঙ্গা] (ক্রিয়া) ১ ভগ্ন করা; চূর্ণ হওয়া (পাথর ভেঙ্গে কাটছে যেথা-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ অকল্যাণ বা নিচু হওয়া; হীন করা; দুরবস্থায় পড়া (কপাল ভাঙা)। ৩ ভগ্নহৃদয় হওয়া বা করা; হতাশ হওয়া বা করা (মন ভাঙা)। ৪ দূর হওয়া; ঘুচানো (ঘুম বা মান ভাঙা)। ৫ পণ্ড করা; ছিন্ন হওয়া (বিবাহের সম্বন্ধ ভাঙা)। ৬ বিস্তার বা বিশদ করে বলা (কথাটা সে ভেঙে বলল না)। ৭ কাজের উপযুক্ত না থাকা; বিকৃত হওয়া (তার গলা ভেঙেছে)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ ভগ্ন; জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত (ভাঙা দেউলের দেবতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভাঙে এমন (হাড়ভাঙ্গা খাটনি)। ৩ দুর্বল; রুগ্ন (ভাঙা স্বাস্থ্য)। ৪ হতাশ; উৎসাহহীন (ভাঙা বুক)। ৫ মন্দ; অমঙ্গলজনক (ভাঙা কপাল)। ৬ অকার্যকর; বিকৃতি; অবরুদ্ধ (ভাঙা স্বর; ভাঙা গলা)। ৭ অশুদ্ধ (ভাঙা উর্দু)। ভাঙা কপাল জোড়া লাগা (ক্রিয়া) ভাগ্য পুণরায় প্রসন্ন হওয়া; ভাগ্য ফেরা। ভাঙাচুরা, ভাঙাচোরা (বিশেষণ) টুটাফুটা; ভগ্ন ও চূর্ণ। ভাঙা ভাঙা (বিশেষণ) ১ প্রায় ভঙ্গ। ২ বিকৃত (ভাঙা ভঙা ইংরেজি)। ৩ আধো আধো (ভাঙা ভাঙা কথা)। ভাঙা ভাংতি (বিশেষ্য) পূর্ণ সংখ্যা ও তার ভগ্নাংশ। ঘর ভাঙা (ক্রিয়া) ১ পরিবারের একতা নষ্ট হওয়া; সংসারে পরস্পরের সদ্ভাব নষ্ট করা। ২ স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন ধ্বংস হওয়া। মাথায় কাঁঠাল ভাঙা/ভাঙ্গা (ক্রিয়া) (আলঙ্কারিক) অন্যকে ঠকিয়ে স্বার্থ উদ্ধার করা, আদায় করা, বা কোনো বিষয়ে লাভবান হওয়া। ভেঙে পড়া বা আসা (ক্রিয়া) ছোট বড় আবাল-বন্ধ-বনিতা সকলে সুপ্রচুর সংখ্যায় সমবেত হওয়া (চোখের নিমিষে ভেঙ্গে আসে বণিকপাড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভাঙে/ভাঙ্গে তো মচকায় না (ক্রিয়া) (আলঙ্কারিক) ভেঙেও ভাঙে না; প্রাণ যায় অবস্থা তবু বিনীত হয় না। ভাঙানো, ভাঙ্গানো (ক্রিয়া) ১ ভাঙা; ভগ্ন করানো। ২ দূর করা (ঘুম বা মান ভাঙানো)। ৩ ভাংচি বা পরামর্শ দিয়ে বিরোধী করা; বিচ্ছেদ ঘটানো (মন ভাঙানো, ঘর ভাঙানো)। ৪ খুচরা মুদ্রা করা (টাকা ভাঙানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ভাঙানি, ভাঙ্গানি (বিশেষ্য) ১ খুচরা মুদ্রা; রেজগি। ২ ভাংতি। □(বিশেষণ) ১ (আলঙ্কারিক) নিন্দা বা দোষ ত্রুটির কথা বলে কোনো চুক্তি বা সম্বন্ধ নষ্ট করে এমন। ২ (আলঙ্কারিক) কুমন্ত্রণা দিয়ে বিচ্ছেদ ঘটায় এমন। ভাঙানে, ভাঙ্গানে (পুংলিঙ্গ)। কান ভাঙানি (বিশেষ্য) (আলঙ্কারিক) গোপনে মিথ্যা কথা বলে কারো বিরুদ্ধে কাউকে উত্তেজিত করা। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>};