1 Answers
বড় ১, বড়ো মানে
[বড়ো] (বিশেষণ) ১ বৃহৎ; বিশাল; মস্ত; প্রকাণ্ড (বড় বাড়ি)। ২ প্রশস্ত; স্থূল; মোটা (বড় পেট, বড় পাত্র)। ৫ অত্যন্ত; অতিশয়; খুব বেশি (বড় কষ্টে পড়েছি)। ৬ বয়সে অধিক; মানে শ্রেষ্ঠ (বড় ছেলে, বড় বাবু)। ৭ সম্ভ্রান্ত অভিজাত; মর্যাদাসম্পন্ন; উচ্চ (বড় পরিবার)। ৮ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট; গণ্যমান্য (বড় লোক)। ৯ উচ্চপদস্থ; অধিষ্ঠিত (বড় সাহেব)। ১০ ধনবান; ধনী (বড় মানুষ)। ১১ মহৎ; উদার; বিশাল (বড় মন)। ১২ নিদারুণ; ভীষণ; খুব খারাপ (বড় দুঃসংবাদ)। ১৩ আসল; প্রকৃত (বড় কথা)। ১৪ দক্ষ; কুশলী; অভিজ্ঞ; খ্যাতিসম্পন্ন (বড় ডাক্তার)। ১৫ আশান্বিত; গর্বিত; অহঙ্কৃত (বড় মুখ)। □ (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত; খুব; অতিশয় (লোকটা আমাকে বড় মানে)। □ (অব্যয়) ১ নেহাত; নিতান্ত; খুব; একেবারে (বড় মন্দ নয়)। ২ তুচ্ছ; সামান্য (বড় ত চাকরি তোমার!)। ৩ বিস্ময়ব্যঞ্জক; অপ্রত্যামিত ভাবসূচক (সে যে বড় এলো)। □ (বিশেষ্য) ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি (বড়র পিরীতি বালির বাঁধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। বড়ঈ (প্রাচীন বাংলা), বড়য়ি (বিশেষণ) অতি, অতিশয় (আপনী ছাওয়াল বুঝি বড়ই কাহ্নাঞিঁ-বড়ু চণ্ডীদাস)। বড় একটা (ক্রিয়াবিশেষণ) প্রায়; অধিক; বিশেষ (বড় একটা ঘটে না)। বড় কথা (বিশেষ্য) ১ স্পর্ধাব্যঞ্জক বা অহঙ্কারপূর্ণ উক্তি (ছোটো মুখে বড় কথা)। ২ গুরু বা প্রধান বাক্য। ৩ প্রধান বিষয় (এটা হলো বড় কথা)। বড় করা (ক্রিয়া) বাড়িয়ে তোলা; উন্নত; করা। বড় কুটুম্ব, বড় কুটুম (বিশেষ্য) শালা বা সম্বন্ধী; স্ত্রীরভাই। বড় গলা (বিশেষ্য) ১ উচ্চকন্ঠ (বড় গলা করিস কেন?)। ২ গর্ব; অহঙ্কার (বড় গলায় বলতে পারি)। বড় গলা করে বলা (ক্রিয়া) গর্ব করে বলা। বড় চাল (বিশেষ্য) ধনী বা উচ্চপদস্থ লোকের চাল-চলন। বড় ছোট/ বড় ছোটো (বিশেষ্য) ১ উচ্চ-নীচ। ২ ধনী-গরিব। ৩ বয়সে জ্যেষ্ঠ বা কনিষ্ঠ। বড় জোর (বিশেষণ) উর্ধ্ব পক্ষ; খুব বেশি করে ধরলে (বড় জোর পাঁচশো লোক হবে)। বড় ঠাকুর, বট্ঠাকুর (বিশেষ্য) (স্ত্রী কর্তৃক স্বামীর বড় ভাইকে বোঝাতে) ভাশুর। বড় তরফ (বিশেষ্য) (ধন, মান ও বয়সে) বংশের বর্ষীয়ান পরিবার। বড় তামাক (বিশেষ্য) গাঁজা। বড়ত্ব (বিশেষ্য) মহত্ত্ব; শ্রেষ্ঠত্ব; জ্যেষ্ঠত্ব। বড় দরের (বিশেষণ) উচ্চস্তরের (বড় দরের নেতা)। বড় দিন (বিশেষ্য) ১ পঁচিশে ডিসেম্বর; যিশু খ্রিষ্টের জন্মদিন; Christmas (day)। ২ একুশে জুন বা আষাঢ় মাসের ৭ তারিখ; বৎসরের দীর্ঘতম দিন। বড় বড় কথা (বিশেষ্য) অহঙ্কার বা আত্মম্ভরিতাপূর্ণ উক্তি। বড়ফট্টাই (বিশেষ্য) বৃথা আত্মশ্লাঘা প্রকাশ। বড় বাবু (বিশেষ্য) অফিসের প্রধান কেরানি; head clerk। বড় মানুষ, বড় লোক (বিশেষ্য) ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি। বড় মানুষি, বড় মানষি (বিশেষ্য) ১ ধনীর মতো আচরণ (বড়মানুষি ধারণা)। ২ ধনী ও পদস্থ লোকের মতো (বড় মানষি চাল)। বড়মানুষিয়ানা (বিশেষ্য) বড়লোকের চালচলন (তিনি বড় মানুষিয়ানা কিছুই বোঝেন না-রবীন্দ্রনাথ ঠাকুর)। বড় মিঞা (বিশেষ্য) বয়স্ক ব্যক্তি সম্পর্কে সম্মানসূচক শব্দ। বড়লাট ⇒ লাট। বড় মুখ (বিশেষ্য) প্রচুর আশা; অনেক উৎসাহ। বড় হওয়া (ক্রিয়া) ১ বয়োবৃদ্ধ হওয়া; বয়স বাড়া। ২ বৃদ্ধি পাওয়া। □ (বিশেষ্য) মহৎ; প্রসিদ্ধ বা ধনী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বড্র> বড্ড>};