1 Answers
বাহ, খুব ভাল প্রশ্ন। কবি বলে গেছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে। তবুও জন্ম যার আছে, মৃত্যু তার হবেই। এ সৃষ্টির এক অমোঘ নিয়ম। যাইহোক, এখন প্রশ্ন হল মৃত্যুর পর কী? শুনলে অবাক হবেন, প্রাচীন হিন্দু শাস্ত্রগুলি প্রশ্নোত্তর কিংবা তর্ক-বিতর্ক, আখ্যান-উপাখ্যান, বিদ্যাদান-বিদ্যাগ্রহণ এইরকম নানা উপায়ে এই নিয়ে বিস্তর আলোচনা করেছে। রেফারেন্সের জটিলতায় না গিয়ে যদি খুব সহজে বলি তাহলে বলতে হয়, প্রাচীন হিন্দু শাস্ত্রকারদের মতে মানব জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি। এবার মৃত্যুর আগে যদি কেউ মুক্তি লাভ করে থাকেন তাহলে তার মৃত্যুর পর আর পুনর্জন্ম নেই। অন্যদিকে যার মুক্তি লাভ হয়নি, মৃত্যুর পর তার আবার জন্ম হয়। (ভারতীয় আস্তিক দর্শনগুলি মুক্তি ও পুনর্জন্ম সম্পর্কে এই মত পোষণ করে থাকেন)। তবে আর একটি দিক থেকেও ভাবা যেতে পারে। যেমন আমাদের এই অবয়বে মূলত রক্তমাংসের শরীর ও প্রাণ (আত্মা) আছে। এবার, মৃত্যুর পর ঐ রক্তমাংসের শরীরটি নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা নষ্ট হয় না। অতএব, এইদিক থেকে দেখলে মৃত্যুর পর শরীরের বিনাশ তবে আত্মার অবিনাশ।