বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাধীনভাবে দর-কষাকষি করে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এ রকম দর-কষাকষির ফলে একটি নির্দিষ্ট দামে চাহিদা ও জোগানের মধ্যে সমতা আসে। এভাবে চাহিদা ও জোগানের পারস্পরিক প্রভাবেই দ্রব্যের দাম নির্ধারিত হয় এবং এ দামেই দ্রব্যটির ক্রয় বিক্রয় হয়। সুতরাং যে নির্দিষ্ট দামে চাহিদা ও জোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। দামের ওপর দ্রব্যের পরিমাণের নির্ভরশীলতা প্রকাশ পায় চাহিদা ও জোগান অপেক্ষকে।
চাহিদা অপেক্ষক: Qd = f (p)
জোগান অপেক্ষক: Qs = f (p)
ভারসাম্য: Qd = Qs
এখানে, Qd = চাহিদার পরিমাণ
Qs = জোগানের পরিমাণ
P = দাম, f = অপেক্ষক।
এভাবে চাহিদা ও জোগানের সমতা (Qd = Qs) দ্বারা ভারসাম্য দাম ও ভারসাম্য দ্রব্যের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে।