فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

ফামান তা-বা মিম বা‘দি জু লমিহী ওয়া আসলাহা ফাইন্নাল্লা-হা ইয়াতূবু‘আলাইহি ইন্নাল্লা-হা গাফূরুর রহীম।উচ্চারণ

তবে যে ব্যক্তি জুলুম করার পর তাওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, আল্লাহর অনুগ্রহের দৃষ্টি আবার তার দিকে ফিরে আসবে। ৬১ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তাফহীমুল কুরআন

অতঃপর যে ব্যক্তি নিজ সীমালংঘনমূলক কার্যক্রম থেকে তাওবা করবে #%৩৫%# এবং নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।মুফতী তাকী উসমানী

অনন্তর যে ব্যক্তি সীমা লংঘন করার পর (চুরি করার পর) তাওবাহ করে এবং ‘আমলকে সংশোধন করে, তাহলে আল্লাহ তার প্রতি (রাহমাতের) দৃষ্টি বর্ষণ করবেন, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।মুজিবুর রহমান

অতঃপর যে তওবা করে স্বীয় অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।মাওলানা মুহিউদ্দিন খান

কিন্তু সীমালংঘন করার পর কেউ তওবা করলে ও নিজেকে সংশোধন করলে অবশ্যই আল্লাহ্ তার তওবা কবূল করবেন; আল্লাহ্ তো ক্ষমাশীল, পরম দয়ালু। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর যে তার যুলমের পর তাওবা করবে এবং নিজকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।আল-বায়ান

কিন্তু অন্যায় করার পর কেউ তাওবা করলে এবং (নিজেকে) সংশোধন করলে, আল্লাহ তার প্রতি ক্ষমাদৃষ্টি করেন, আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।তাইসিরুল

কিন্তু যে কেউ তওবা করে তার অন্যায়াচরণের পরে আর সংশোধন কবে, তাহলে নিঃসন্দেহ আল্লাহ্ তার দিকে ফিরবেন। নিঃসেন্দহ আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬১

এর অর্থ এ নয় যে, তার হাত কাটা হবে না। বরং এর অর্থ হচ্ছে, হাত কাটার পর যে ব্যক্তি তাওবা করবে এবং নিজেকে চুরি থেকে সম্পূর্ণরূপে বিরত রেখে আল্লাহর সৎ বান্দায় পরিণত হয়ে যাবে সে আল্লাহর গযব থেকে রক্ষা পাবে। এ অবস্থায় তার গায়ে যে গুনাহের কলঙ্ক লেগেছিল তা ধুয়ে দেবেন। কিন্তু কোন ব্যক্তি হাত কেটে যাবার পরও যদি নিজেকে অসৎ সংকল্প মুক্ত না করে এবং আগের দুষ্কৃতির মনোভাব লালন করতে থাকে, যার ভিত্তিতে সে চুরি করেছিল এবং তাকে হাত কাটার শাস্তি দেয়া হয়েছিল, তাহলে এর অর্থ এ দাঁড়ায় যে হাত তার দেহ থেকে আলাদা হয়ে গেছে ঠিকই কিন্তু তার অন্তরে চুরির মনোভাব এখনো অপরিবর্তিত রয়ে গেছে। তাই হাত কাটার আগে সে যেমন আল্লাহর গযবের অধিকারী ছিল হাত কাটার পরেও ঠিক তেমনিই থেকে যাবে। তাই কোরআন মজীদ চোরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং নিজের সংশোধন করার নির্দেশ দেয়। কারণ হাত কাটা হয়েছে সামাজিক ও তামাদ্দুনিক ব্যবস্থাপনাকে বিশৃংখলামুক্ত করার জন্য। এ শাস্তির কারণে আত্মা ও মন পবিত্র ও কলুষতা মুক্ত হতে পারে না। আত্মা ও মন পবিত্র হতে পারে একমাত্র তাওবা ও আল্লাহর প্রতি সমর্পিত প্রাণ হবার মাধ্যমে। হাদীসে নবী ﷺ সম্পর্কে উল্লেখিত হয়েছেঃ তাঁর হুকুম মোতাবিক এক চোরের হাত কাটার পর তিনি তাকে নিজের কাছে ডেকে আনেন। তাকে বলেন, বলো-(قُلْ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ) (আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তাঁর কাছে তাওবা করছি।) সে তাঁর নির্দেশ অনুসারে ঐ বাক্যটি বলার পর তিনি তার জন্য দোয়া করেনঃ (اللهُمَّ تُبْ عَلَيْهِ) (হে আল্লাহ! তাকে মাফ করো)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

পূর্বে ডাকাতির শাস্তির ক্ষেত্রে তাওবার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে তাওবার ফল তো এই ছিল যে, গ্রেফতার হওয়ার আগে তাওবা করলে হদ্দ (শরীয়ত নির্ধারিত শাস্তি) থেকে মুক্তি লাভ হয়, কিন্তু এখানে সে রকম কোনও কথা বলা হয়নি। সুতরাং ইমাম আবু হানীফা (রহ.)-এর ব্যাখ্যা অনুসারে তাওবা দ্বারা চুরির শাস্তি মওকুফ হয় না, চাই গ্রেফতার হওয়ার আগেই তাওবা করুক না কেন! এখানে এতটুকুই বলা হয়েছে যে, এ তাওবার আছর প্রকাশ পাবে কেবল আখেরাতে। অর্থাৎ তার গুনাহ মাফ করে দেওয়া হবে। এর জন্যও আয়াতে দুটি শর্ত উল্লেখ করা হয়েছে। ক. আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তাওবা করতে হবে এবং খ. নিজেকে সংশোধন করতে হবে। যার যার মাল চুরি করেছে, তাদেরকে তা ফেরত দেওয়াও জরুরী। অবশ্য তারা মাফ করলে ভিন্ন কথা।

তাফসীরে জাকারিয়া

৩৯. অতঃপর সীমালংঘন করার পর কেউ তওবা করলে ও নিজেকে সংশোধন করলে নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করবেন; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(১)

(১) চুরি করার পর তাওবাহ করলে, বান্দা ও আল্লাহর মধ্যকার গোনাহ মাফ হবে। কিন্তু বিচারকের কাছে চুরি যদি প্রমাণিত হয়, তবে তাকে তার শাস্তি পেতেই হবে। এ ব্যাপারে দ্বিমত নেই। তবে চুরির মাল ফেরত দিতে হবে কি না এ ব্যাপারে আলেমদের মধ্যে দু'টি মত রয়েছে। (বিস্তারিত জানার জন্য তাফসীরে ইবন কাসীর দ্রষ্টব্য)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৯) কিন্তু কেউ পাপ করার পর তওবা করলে এবং (নিজেকে) সংশোধন করলে, আল্লাহ তার তওবা কবুল করবেন।(1) নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল, পরম দয়ালু।

(1) এখানে তাওবার উদ্দেশ্য হচ্ছে; এমন তওবা যা আল্লাহ কবুল করেন। এটা নয় যে, তওবার ফলে চুরি অথবা অন্য কোন শাস্তিযোগ্য অপরাধের শাস্তি মাফ হয়ে যাবে। যেহেতু শরীয়ত কর্তৃক নির্ধারিত দন্ড তওবার ফলে মাফ হয় না।