خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ

খালাকাল ইনছা-না মিন ‘আলাক।উচ্চারণ

জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তাফহীমুল কুরআন

তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা মুফতী তাকী উসমানী

সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।মুজিবুর রহমান

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।মাওলানা মুহিউদ্দিন খান

সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে। ইসলামিক ফাউন্ডেশন

তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।আল-বায়ান

সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।তাইসিরুল

সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

সাধারণ ভাবে বিশ্ব-জাহানের সৃষ্টি কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে, মহান আল্লাহ‌ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টিপর্ব শুরু করে তাকে পূর্ণাংগ মানুষে রূপান্তরিত করেছেন। আলাক عَلَقٍ‌ۚ‏ হচ্ছে আলাকাহ (عَلَقَه ) শব্দের বহুবচন। এর মানে জমাট বাঁধা রক্ত। গর্ভ সঞ্চারের পর প্রথম কয়েক দিনের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় এটি হচ্ছে সেই প্রাথমিক অবস্থা। তারপর তা গোশতের আকৃতি ধারণ করে। এরপর পর্যায়ক্রমে মানুষের আকৃতি লাভের কার্যক্রম শুরু হয়। (বিস্তারিত ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা আল হজ্জ ৫ আয়াত, ৫ থেকে ৭ টীকা)

তাফসীরে মুফতি তাকি উসমানী

علق (আলাক) অর্থ জমাট রক্ত, সংযুক্ত, ঝুলন্ত ইত্যাদি। সাধারণত মুফাসসিরগণ এর অর্থ করেছেন জমাট রক্ত। কিন্তু আধুনিক বিজ্ঞান মতে মাতৃগর্ভে ভ্রুণের যে ক্রমবিকাশ হয়, তাতে প্রথম দিকে পুরুষের শুক্র ও নারীর ডিম্বানু মিলিত হয়ে জরায়ুর গায়ে সংযুক্ত হয়ে থাকে। এ হিসেবে আলাক হল সম্মিলিতরূপে শুক্র ও ডিম্বানুর জরায়ু-সংলগ্ন সেই অবস্থার নাম, যা আলাক-এর আভিধানিক অর্থের সাথেও সঙ্গতিপূর্ণ। যাই হোক এ শব্দটি থেকেই সূরার নাম হয়েছে সূরা আলাক -অনুবাদক।

তাফসীরে জাকারিয়া

২. সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে।(১)

(১) পূর্বের আয়াতে সমগ্র সৃষ্টিজগত সৃষ্টির বর্ণনা ছিল। এ আয়াতে সৃষ্টিজগতের মধ্য থেকে বিশেষ করে মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, মানুষকে ‘আলাক’ থেকে সৃষ্টি করেছেন। ‘আলাক’ হচ্ছে ‘আলাকাহ’ শব্দের বহুবচন। এর মানে জমাট বাঁধা রক্ত। সাধারণভাবে বিশ্ব-জাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে, মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টিপর্ব শুরু করে তাকে পূর্ণাংগ মানুষে রূপান্তরিত করেছেন। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

২। সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে। (1)

(1) এই আয়াতে সমস্ত সৃষ্টির মধ্যে বিশেষ করে মানুষের জন্মের কথা উল্লেখ হয়েছে; যাতে মানুষের মর্যাদা স্পষ্ট।