1 Answers
ভ্যাসেকটমি হল অস্ত্রোপচারের সাহায্যে পুরুষদের বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া৷ এটির সাহায্যে শুক্রনালীকে আটকে দেওয়া হয়, যাতে শুক্রাণু পুরুষাঙ্গে পৌঁছতে না পারে৷ কিন্ত্ত তার জন্য বীর্যস্খলন বা যৌনসঙ্গমে কোনওভাবেই প্রভাব পড়ে না৷ যথেষ্ট ও সংবেদনশীল পরামর্শ ‘পুরুষত্ব’ ও স্বাভাবিক যৌনসঙ্গমের সক্ষমতা সম্পর্কে সন্দেহ দূর করতে সাহায্য করে৷ ‘বিনা-ছুরি’র এই অস্ত্রোপচারে দুটি ছোট ছিদ্র করে শুক্রনালীকে বাইরে এনে, কেটে, দুটি মুখ বেঁধে বা ক্লিপ করে দেওয়া হয়৷ এটির জন্য স্থানিক অবেদনই যথেষ্ট৷ ভ্যাসেকটমি একটি সহজ ও ছোট অপারেশন, কিন্তু অপারেশনের পর অন্তত ৪৮ ঘন্টা বিশ্রাম নেওয়া প্রয়োজন ও এক সপ্তাহ কোনো ভারী জিনিস তোলা উচিত নয়৷ যতক্ষণ না শরীরের সমস্ত অস্বস্তি ও অসুবিধাগুলি দূর হচ্ছে, ততক্ষণ যৌনসঙ্গম করা উচিত নয়, পুরোপুরি ঠিক হতে এমনিতেই এক সপ্তাহ লাগবে৷ অস্ত্রোপচারের পর দু তিন মাস পর্যন্ত কোনো একটি পরিবর্ত জন্মনিরোধক পদ্ধতি গ্রহণ করা উচিত, কেন না শুক্রথলিতে শুক্রাণু অন্তত তিনমাস বেঁচে থাকতে পারে৷ যদি অস্ত্রোপচারের পর খুব বেশি জ্বর, অত্যধিক বা ক্রমাগত রক্তক্ষরণ, ফোলা বা ব্যথা হয়, তবে অবিলম্বে চিকিত্সকের কাছে যাওয়া উচিত৷ পুরুষদের বন্ধ্যাত্বকরণ অনেক বেশি সহজ ও সুরক্ষিত, কেননা তাঁদের জননাঙ্গ থাকে বাইরে, মহিলাদের মত ভেতরে নয়৷ সেজন্য ভ্যাসেকটমির ক্ষেত্রে শরীরের ভেতর কোন জটিলতার সম্ভাবনা থাকে না৷ সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে, ভ্যাসেকটমি হয়েছে, এমন পুরুষদের প্রস্টেটের ক্যান্সার হবার ঝুঁকি অপেক্ষাকৃত বেশি, এছাড়া এই পদ্ধতিতে অন্য কোন দীর্ঘমেয়াদী জটিলতার ঝুঁকি জড়িয়ে নেই৷