1 Answers
সোনা শব্দের বাংলা অর্থ [শোনা] (বিশেষ্য) ১ স্বর্ণ; কাঞ্চন; মূল্যবান দীপ্ত পীতাভ ধাতুবিশেষ। ২ স্বর্ণের গহনা (হিন্দু বিধবারা গায়ে সোনা পরে না)। ৩ আদরের ধন (সোনামানিক আমার)। ৪ মূল্যবান বস্তু (তোমার দেওয়া উপহার, সে আমার হাজার সোনা)। □ (বিশেষণ) ১ সোনালি রঙের (সোনারং)। ২ উৎকৃষ্ট বা অত্যন্ত ভালো (যতো বলো সোনা তার চেয়ে সোনা বাংলাদেশের মাটি)। সোনাদানা (বিশেষ্য) ১ সোনা ও সোনার মতো মূল্যবান বস্তু। ২ সোনা দিয়ে প্রস্তুত গহনা (নূতন শাড়ী রং-বেরং এর চুড়ি সোনাদানা সবকিছুই-রখা)। সোনামুখি/মুখী (বিশেষণ) সোনা রঙের মুখ যার (সোনামুখি সুই)। □ (বিশেষ্য) ১ এক প্রকার বিরেচক পাতাযুক্ত লতা। ২ সূক্ষ্ম সেলাইয়ের কাজে ব্যবহৃত সুচবিশেষ। সোনামুগ (বিশেষ্য) সোনালি বর্ণের মুগের ডাল। সোনামুঠি/মুঠো (বিশেষ্য) পরিপূর্ণ একমুঠি সোনা (ভাসা কথায় বলে… ছাইমুঠো ধরলে সোনামুটো হয়ে যায়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সোনায় সোহাগা (বিশেষ্য) অপূর্ব এবং চমৎকার মিলন (সহজে হইবে বলি সোনায় সোহাগা-ঘনরাম চক্রবর্তী)। সোনার অঙ্গ (বিশেষ্য) ১ সোনার বরণ শরীর। ২ অতি সুন্দর দেহ। সোনার কাঠি রুপোর কাঠি (বিশেষ্য) ১ জীবন কাঠি ও মরণকাঠি। ২ (আলঙ্কারিক) বাঁচা মরার উপায়। সোনার দোয়াত-কলম হওয়া (বিশেষ্য) বিদ্বান ও বিত্তবান হওয়া। সোনার পাথরবাটি (বিশেষ্য) অসম্ভব ও অসঙ্গত বস্তু। সোনার বেনে (বিশেষ্য) ১ স্বর্ণ ব্যবসায়ী। ২ হিন্দু সম্প্রদায়বিশেষ। সোনার সংসার (বিশেষ্য) সুখশান্তিতে পূর্ণ ঐশ্বর্যশালী সংসার । সোনারু, সোনার (বিশেষ্য) স্বর্ণকার (পানি-পান্তা খেয়ে গঞ্জের বাজারে যায় সোনারুর দোকানে কামকাজ শিখতে-সরদার জয়েনউদ্দীন)। সোনারুপা (বিশেষণ) স্বর্ণ ও রৌপ্যের মতো মূল্যবান। □ (বিশেষ্য) স্বর্ণ ও রৌপ্য (সোনারূপা তুচ্ছজ্ঞান-রবীন্দ্রনাথ ঠাকুর)। সোনালতা (বিশেষ্য) সোনালি রঙের পত্রবিহীন লতা (সোনালতায় গড়ব বালা তোমার দু’খান সোনা হাতের-জসীমউদ্দীন)। সোনালি, সোনলী (বিশেষণ) পীতাভ স্বর্ণ বর্ণের; স্বর্ণাভ; গিলটি। সোনালি আঁশ/ সুতা (বিশেষ্য) বিদেশে বিক্রি করে সোনার মতো দামি বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এমন আঁশ; স্বর্ণসূত্র; পাট (আমার দশের সোনালি সূতার কথা-রশিদ খাঁন)। কেলেসোনা (বিশেষ্য) কালোমানিক; কালো রঙের ছেলে; কালাচাঁদ; শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) স্বর্ণ>};