1 Answers
কথা শব্দের বাংলা অর্থ কথা [ kathā ] বি. ১. উক্তি, বচন (আস্তে কথা বলে); ২. কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); ৩. মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); ৪. প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); ৫. প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); ৬. কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); ৭. আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); ৮. পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); ৯. তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); ১০. তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); ১১. ব্যাপার (যে-সে কথা নয়); ১২. প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); ১৩. ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); ১৪. কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); ১৫. আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); ১৬. প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)।;[সং. √ কথ্ + অ + আ]।;কথা কাটা–ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা।;কথা কাটাকাটি–বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা।;কথাকলি–বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ।;[সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]।;কথাচ্ছলে, কথার ছলে–ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)।;কথান্তর–বি. ১. ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; ২. অন্য প্রসঙ্গ; ৩. কথার মধ্যে বিরাম; ৪. কথার খেলাপ।;কথা পাড়া–ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা।;কথাপ্রসঙ্গে–ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়।;কথা ফোটা–ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা।;কথাবার্তা–বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি।;কথায় কথায়–ক্রি-বিণ. ১. কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; ২. অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)।;কথার কথা–বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা।;কথার নড়চড়–বি. প্রতিশ্রুতিভঙ্গ।;কথার মারপ্যাঁচ–বি. কথার কৌশল বা জটিলতা।;কথারম্ভ–বি. বক্তব্য বা কাহিনির শুরু।;কথাশিল্প–বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক।;কথাসাহিত্য–বি. গল্প-উপন্যাস প্রভৃতি।;উচিত কথা–বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)।;কাজের কথা–বি. দরকারি কথা।;ছোট মুখে বড় কথা–বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা।;দশ কথা–বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)।;নাকে মুখে কথা, চোখে মুখে কথা–বি. বেশি কথা, বাচালতা।;বাজে কথা–বি. খেলো বা অসার কথা।;মোট কথা–বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই।;লাখ কথার এক কথা–বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা।;শেষ কথা–বি. ১. যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; ২. মরণকালের কথা।;[কথা] (বিশেষ্য) ১ বচন; ভাষা; উক্তি (আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)।;২ উচ্চারণ (জড়ানো কথা)।;৩ প্রসঙ্গ; বিষয় (সে কথা কি পড়ে মনে?-(কাজী নজরুল ইসলাম))।;৪ বিবরণ; বৃত্তান্ত (তোমার কথা কেহ বলে না-রবীন্দ্রনাথ ঠাকুর)।;৫ প্রতিশ্রুতি (কথা দেওয়া)।;৬ অনুনয়; প্রার্থনা; মিনতি; (কথা রাখ-রবীন্দ্রনাথ ঠাকুর)।;৭ চুক্তি (কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি-রবীন্দ্রনাথ ঠাকুর)।;৮ সাধ; আকাঙ্খা; অভিলাষ (তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা-(কাজী নজরুল ইসলাম ))।;৯ রহস্য; গোপন বাণী (কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা-রবীন্দ্রনাথ ঠাকুর)।;১০ বক্তব্য (আরও যদি কিছু কথা থাকে, তাই বলো-রবীন্দ্রনাথ ঠাকুর)।;১১ খবর; তথ্য; সংবাদ (গোপন কথাটি রবে না গোপনে-রবীন্দ্রনাথ ঠাকুর; এ কি কথা শুনি আজি মন্থরার মুখে, রঘুরাজ-মাইকেল মধুসূদন দত্ত)।;১২ বাক্যলাপ (দুজনের মধ্যে কথা বন্ধ)। ১৩ কাহিনী; উপাখ্যান (কথাসাহিত্য)।;১৪ কথকতা।;১৫ প্রবচন (ডাকের কথা)।;১৬ বাচালতা (কথায় দড়)। ১৭ প্ররোচনা; পরামর্শ(তোমার কথায় এ কাজে হাত দিয়েছি)।;১৮ তুলনা(কিসে আর কিসে, সুয়োরানীর সঙ্গে ঘুঁটেকুড়ানির কথা!)।;১৯ ঘটনা; ব্যাপার (এ বড় হাসির কথা; হাসবে লোকে -ঈশ্বর গুপ্ত)।;২০ কড়ার; বাঁধাবাঁধি; কড়াকড়ি; অবশ্যবাধ্যতা (সব সময়ে তোমার আবদার রাখতে হবে এমন কি কথা)।;২১ কৈফিয়ত; ওজর (কোনো কথা শুনতে চাই না)।;২২ মত (এ কথায় আমার সায় আছে)।;২৩ বিতর্ক; বিতণ্ডা (এত কথার পর আর এখানে থাকতে চাইনে)।;২৪ আলোচনা (নিজের লেখার কথায় সে পঞ্চমুখ হয়ে ওঠে)।;২৫ সহজ; পারিশ্রমিক বিনা (শুধু কথায় কাকে দিয়ে কাজ করাতে পারবে না)।;২৬ নিন্দাবাদ; কানভাঙানি (কার কথায় করেছ এত মন ভারী-পূর্ববঙ্গ গীতিকা)।;২৭ আদেশ; নির্দেশ; হুকুম (আমার কথা মতো চলবে কিনা তাই বলো)।;২৮ তিরস্কার; কটুকাটব্য (তোমার কথায় তার কিছু আসবে যাবে না)।;২৯ বাণী (হাদিসের কথা)।;৩০ স্থির সিদ্ধান্ত; দৃঢ় মত; প্রতিজ্ঞা (বিয়ে সে করবে না এই তার কথা)।;৩১ ফ্যাঁকড়া; গোলমাল (এর মধ্যে কিছু কথা আছে)।;৩২ কলঙ্ক; নিন্দা; সমালোচনা; আপত্তি (এই নিয়ে চারদিকে কথা উঠেছে)।;৩৩ ভাষা (কথার বাঁধুনি)।;৩৪ প্রস্তাব (মেয়ের একটা বিয়ের কথা এসেছে)।;কথা আসা (ক্রিয়া) ১ আলোচনা চলা; প্রস্তাব উত্থাপিত হওয়া (বিয়ের কথা আসছে)।;২ মুখে কথা জোগানো (মুখে কথা আসছে না কেন?)। কথা কাটা (ক্রিয়া) যুক্তি দ্বারা কোনো মত খণ্ডন করা; বিতর্ক উত্থাপন করা; এড়ানোর চেষ্টায় প্রত্যুত্তর করা। কথা কাটাকাটি (বিশেষ্য) তর্কবিতর্ক; বাকবিতণ্ডা; বাদানুবাদ; বাকযুদ্ধ।কথা চালা (ক্রিয়া) এক কান থেকে অন্য কানে সংবাদ রটনা করা; গোপনে খবর ছড়ানো। কথাচালাচালি (ক্রিয়া) গোপন সংবাদের লেনদেন বা লেনদেনের মারফতে গোপন সংবাদ বিস্তার। কথা থাকা (ক্রিয়া) আলোচনায় অংশগ্রহণ; আলোচনায় অনুপ্রবেশ; কোনো প্রসঙ্গে লিপ্ত হওয়া।কথা দিয়ে কথা নেওয়া (ক্রিয়া) গোপন সংবাদের আভাসে উত্তেজিত করে অপরের গোপনতর সংবাদ বের করা; কৌশলে কথা বলে অপরের মনোভাব জেনে নেওয়া। কথা দেওয়া (ক্রিয়া) অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া। কথা না থাকা (ক্রিয়া) কোনো বিষয়ে জড়িত হওয়ার অনিচ্ছা; কোনো প্রসঙ্গ থেকে দূরে থাকা বা মত প্রকাশে বিরত থাকা। কথান্তর বাকবিতণ্ডা বাদপ্রতিবাদ; বচসা; মতান্তর (তাঁহাদের সহিত কথান্তর উপস্থিত হইয়া, ক্রমে বিলক্ষণ মতান্তর ঘটিয়া উঠিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কথাপাড়া (ক্রিয়া) ১ প্রসঙ্গ উত্থাপন করা। ২ প্রস্তাব দেওয়া; বিবাহ বিষয়ক আলাপ করা। কথা ফেলা (ক্রিয়া) ১ অগ্রাহ্য করা; অবহেলা করা।;২ সিদ্ধান্ত প্রকাশ করা; কোনো বিষয়ে মত স্থির করে বলা। কথা ফোটা (ক্রিয়া) ১ বাক স্ফুরণ; বাচন ক্ষমতার উন্মেষ হওয়া (ও বাড়ির খোকার কেমন আধো আধো কথা ফুটেছে)।;২ কলহপটুত্ব জন্মানো (আজই মেয়ের কথা ফুটেছে দেখো)। কথা বাড়ানো (ক্রিয়া) তর্কবিতর্ক প্রলম্বিত করা; সামান্য বিষয়কে অযথা ফেনানো; বাদপ্রতিবাদ দীর্ঘ করা। কথা বেচে খাওয়া (ক্রিয়া ) কথা কুশলতায় জীবিকার্জন; বাকচাতুর্য দ্বারা অর্থ সংস্থান করা। কথা মাত্র সার (বিশেষণ) বাকসর্বস্ব; বাগাড়ম্বর যার একমাত্র আশ্রয়; অন্তঃসারশূন্য; বাকপটু। কথায় কথা বাড়া (ক্রিয়া) উত্তর প্রত্যুত্তরে বাদানুবাদ দীর্ঘ হওয়া। কথায় কথায় (অব্যয়) ১ প্রসঙ্গক্রমে; কথা বলতে বলতে (কথায় কথায় সে কথা উঠলো ) ২ কথা বলতে ব্যস্ত থাকাকালীন; কথা বলতে বলতে অন্যমনস্ক হওয়ার দরুন(কথায় কথায় বহুদূর চলে যাওয়া)।;৩ প্রতি ব্যাপারে; প্রতি পদক্ষেপে; সর্বদা (কথায় কথায় মান অভিমান)। কথায় চিড়ে ভেজা-সহজে উদ্দেশ্য সিদ্ধি; সহজে অপরকে বশ করার দুরুণ কার্যসিদ্ধি। কথার আঁটুনি (বিশেষ্য) ১ কথার সৌকর্য; বক্তব্যের পারিপাট্য; কথার শ্রী ও ছাঁদ।;২ বাকসংযম। কথার কথা (বিশেষ্য) অগভীর উক্তি; মূল্যহীন কথা; নিতান্ত লঘু কথা। কথার খেলাফ/খিলাফ (বিশেষ্য) প্রতিশ্রুতি ভঙ্গ; অঙ্গীকারের অন্যথা; চুক্তির ব্যতিক্রম। কথার গরম (বিশেষ্য) কথায় উগ্র আত্মসচেতনতা; উক্তিতে প্রবল আত্মবোধের প্রকাশ। কথার জাহাজ (বিশেষ্য) যার অনর্গল বলে যাওয়ার মতো অফুরন্ত কথা আছে; অফুরন্ত কথা বলার ক্ষমতাবিশিষ্ট ব্যক্তি। কথার তুবড়ি (বিশেষ্য) কথার দ্রুত ও দুর্বার গতি; সরব দ্রুত কথন। কথার ধরন, কথার ধারা (বিশেষ্য) ১ কথা বলার ছিরি/ছাঁদ/গঠন (কথার ধরনটা দেখো একবার)।;২ উদ্দেশ্যের আভাসযুক্ত বাকপ্রণালী; কথার যে বিশেষ ভঙ্গিতে বক্তার মনোভাবের আঁচ পাওয়া যায়। কথার ধার না ধারা (ক্রিয়া) গণ্য না করা; অগ্রাহ্য করা (কারও কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি-সুকুমার রায়)। কথার নড়চড় (বিশেষ্য) প্রতিশ্রুতির ব্যতিক্রম; কথার খেলাফ। কথার পিঠে কথা (বিশেষ্য) প্রসঙ্গক্রমে আগত কথা; কথোপকথন ধারায় উত্থিত প্রসঙ্গ। কথার ফের (বিশেষ্য) মূল্যবান কথা; যথার্থ কথা। কথার বাঁধুনি (বিশেষ্য) ১ কথার পরিপাট্য; বাক্যবিন্যাসের চারুতা।;২ (ব্যঙ্গার্থ) কথার কুশ্রীতা; কথার চারুতার অভাব। কথার মাথা মুণ্ডু (বিশেষ্য) কথার পূর্বাপর সঙ্গতি; বক্তব্যের আনুপূর্বিক শৃঙ্খলা। কথার কৌশল; কূটকৌশলপূর্ণ বাক্যজাল। কথারম্ভ ( বিশেষ্য ) ভূমিকা; প্রসঙ্গের অবতারণা; প্রসঙ্গের আনুষ্ঠানিক সূচনা। কথার শ্রী, কথার ছিরি (বিশেষ্য) ১ বাচনভঙ্গির শোভরতা; কথার সৌকর্য।;২ বক্র অর্থে-বাচনভঙ্গির কর্কশতা; কথায় শোভা সৌন্দর্যের বা লালিত্যের অভাব। কথা শোনা (ক্রিয়া) মান্য করা; আদেশ পালন করা; উপদেশ শিরোধার্য করা। কথা শোনানো (ক্রিয়া) অপ্রিয় বাক্য বর্ষণ করা; তিরস্কার বর্ষণ; অপবাদমূলক উক্তি শুনিয়ে দেওয়া। কথা সার (ক্রিয়া) বাকস্ফূর্তি হওয়া (শুনে আমার মুখ আর কথা সরল না)। কথার হাতপা বের হওয়া (ক্রিয়া) এক কথার (অন্যায়ভাবে) নানা অর্থ হওয়া; একই কথার বিভিন্ন ব্যাখ্যা। উচিত কথা (বিশেষ্য) ন্যায্য কথা; খাঁটি কথা; যথোপযুক্ত কথা; যথার্থ কথা; কঠোর সত্যকথা (উচিত কথা বলবো, ভয় কিসের)। উলটা কথা, উল্টোপাল্টা কথা (বিশেষ্য) এলোমেলো কথা; অস্বাভাবিক উক্তি; প্রতিকূল অবস্থা উদ্ভাবক অর্বাচীন মন্তব্য। এক কথা (বিশেষ্য) ১ যে কথার ব্যতিক্রম নেই; যে কথার পরিবর্তন হয় না; যে কথার অন্যথা হতে পারে না (যে যাই বলো, আমার এক কথা)।;২ যে কথার দ্বিতীয় অর্থ নেই, অভিন্ন মত (মনে মুখে এক কথা)।;৩ দ্বিধাহীন চিত্ত; নির্দ্বন্দ্বভাব (এক কথায় রাজি)। কাজের কথা (বিশেষ্য) প্রয়োজনীয় কথা; মূল্যবান কথা; যুক্তিযুক্ত কথা। কান কথা (বিশেষ্য) গোপনে অপর লোকের কাছ থেকে কারো দুর্নাম শুনে তদনুসারে সেই লোকটিকে খারাপ মনে করা। ছোট মুখে বড় কথা (বিশেষ্য) অর্বাচীন উক্তি; অযোগ্যের মুখে বেমানান উদ্ধত উক্তি; বেয়াদবের মতো কথা। দশ কথা (বিশেষ্য) ১ নিন্দাসূচক নানা কথা; অপবাদপূর্ণ কথা।;২ অনেক কথা; বহু রকম কথা। দুকথা (বিশেষ্য) ১ কিছু পরিমাণ কড়া কথা; কিছু তিরস্কারপূর্ণ উক্তি (তাকে বেশ দুকথা শুনিয়ে দিয়েছি)। ২ কিছু কথা; অল্প কথা; স্বল্প কথাবার্তা; কথোপকথন (দুকথায় তাকে কিছু সান্ত্বনা দিয়ে যাও)। পাঁচ কথা (বিশেষ্য) নানা কথা; নিন্দার কথা; তিরস্কার বাক্য। নাকে মুখে কথা বলা (ক্রিয়া) অতি দ্রুত কথা বলা; অতি মাত্রায় কথা বলা; চঞ্চলতা প্রকাশ পূর্বক কথা বলা; বাচালতা করা। পাকা কথা (বিশেষ্য) ১ সঠিক কথা বা প্রতিশ্রুতি, অনড় বাক্য। ২ অপরিণত বয়স্কের মুখে পরিণত বয়সোচিত কথা। ফল কথা (বিশেষ্য) আসল কথা;সার কথা; মোট কথা। বেফাঁস কথা (বিশেষ্য) অচিন্তিত কথা; অস্থানে অসাবধানে বলে ফেলা কথা; অসঙ্গত উক্তি। মোট কথা (বিশেষ্য) আসল কথা; সার সংক্ষেপ; সংক্ষেপে; in short। যে কথা সেই কাজ-কথায় ও কর্মে সঙ্গতি; বাক্য ও কর্মের অভিন্নতা। লাখ কথার এক কথা মূল্যবান কথা; যুক্তিসঙ্গত কথা; এমন এক অমূল্য উক্তি যার পার্শ্বে লক্ষ কথা তুচ্ছ। শেষ কথা (বিশেষ্য) যে কথার পর সেই প্রসঙ্গ সমাপ্ত হয়; যার পরে কথা নেই; চরম বাক্য। শোনা কথা (বিশেষ্য) পরস্পরায় জ্ঞাত কথা; প্রত্যক্ষভাবে জানা নয় অথচ অপরের নিকট থেকে প্রাপ্ত কথা। সোজা কথা (বিশেষ্য) ১ যে কথার ভিন্ন অর্থ নেই; সহজ কথা।;২ বলিষ্ঠ উক্তি; দ্বিধাহীন সরল কথা। হক কথা (বিশেষ্য) ন্যায্য কথা; খাঁটি কথা; উচিত কথা; সত্য কথা (হক কথায় আল্লাহ রাজি)। কথা প্রসঙ্গে (অব্যয়) কথাসূত্রে; কথার ধারায়; আলোচনাসূত্রে। কথা বার্তা (বিশেষ্য) কথোপকথন; বাক্যালাপ। কথা শিল্পী (বিশেষ্য) গল্প লেখক; উপন্যাস রচয়িতা; কাহিনীকার; উপাখ্যানমূলক সাহিত্য রচয়িতা। কথা সরিৎসাগর (বিশেষ্য) সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত গল্পগ্রন্থ। কথা সাহিত্য (বিশেষ্য) গল্প উপন্যাস ইত্যাদি কাহিনী জাতীয় সহিত্য।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্+অ(অঙ্)+আ(টাপ্)};