2 Answers

নজর ১, নযর ১ মানে

[নজোর্‌] (বিশেষ্য) ১ দৃষ্টি (যে দিকে নজর করলেম… সে কুলে কেঁপে উঠল-মীর মশাররফ হোসেন)। ২ লক্ষ্য (উঁচু নজর)। ৩ মনোযোগ; অভিনিবেশ (নজর করে দেখা)। ৪ তত্ত্বাবধান (নজর রাখা)। ৫ সুদৃষ্টি (চাকরটির উপর মনিবের নজর পড়েছে)। ৬ অশুভ বা লুব্দ দৃষ্টি(ডাইনির নজর, নজর লাগা, খাবারে নজর দেওয়া)। ৭ দৃষ্টিশক্তি (বৃদ্ধের নজর কমে গেছে)। ৮ মনোবৃত্তি; বদান্যতা; কার্পণ্যের পরিমাণ (ছোট নজর, বড় নজর)। ৯ কৃপাদৃষ্টি; করুণা (আমরা গরীব, হুজুর নজর কল্লেই বেঁচে যাই-মীর মশাররফ হোসেন)। নজর দেওয়া (ক্রিয়া) কুদৃষ্টি দেওয়া। নজরবন্দি, নজরবন্দী (বিশেষ্য) ১ দৃষ্টির বাইরে যেতে না দেওয়া; ইচ্ছামতো চলাফেরা করতে না দেওয়া; আটক; confinement (একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) বন্দীর ন্যায় চোখে চোখে রাখা হয়েছে এমন; দৃষ্টিপথে আবদ্ধ রাখা। নজরবন্ধ (বিশেষণ) দৃষ্টি আবদ্ধ। নজরবাজ (বিশেষ্য) ১ যে নজর দেয়। ২ যে নজরবন্দি করে ভেলকি খেলে (নজরবাজ সে সব আমি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজরবাজি (বিশেষ্য) ১ ভেলকি। ২ প্রণয়ী যুগলের কটাক্ষ দ্বারা প্রণয়ের ইঙ্গিত (নজরবাজীর দোষ দিও না-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজরমারা (ক্রিয়া) ১ কুদৃষ্টি দেওয়া;তীব্র দৃষ্টি করা। ২ কটাক্ষ দিয়ে প্রনয় ইঙ্গিত করা (নজর মারা….নাগর সবই-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজর লাগা (ক্রিয়া) কুদৃষ্টিতে পড়া; ডাইনির নজরে পড়া। নজর ধরা, নজরে লাগা (ক্রিয়া) মনের মতো হওয়া। নজরে পড়া (ক্রিয়া) ১ দৃষ্টি আকৃষ্ট হওয়া; সুনজরে পড়া। ২ পৃষ্ঠপোষকতা লাভ করা। নজরে রাখা (বিশেষ্য) ১ দৃষ্টিসীমার মধ্যে রাখা। □ (ক্রিয়া) ১ দেখাশুনা করা। ২ মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা। ৩ লক্ষ্য করা, দেখা। উঁচু নজর, মোটা নজর (বিশেষ্য) উদার দৃষ্টি। উপর-নজুরে/নজরিয়া (বিশেষণ) পরপুরুষ বা পরনারীর প্রতি দৃষ্টিপাত করে এমন। {(আরবি) নজর্‌};

12 views

নজর ২, নযর ২ মানে

[নজোর্‌] (বিশেষ্য) ১ উপঢোকন; উপহার; ডালি (বাদশায় নজর দিল আনি-সৈয়দ হামজা)। ২ ভেট; সেলামি (বাদশাহ বুঝি নজর কবুল করিলেন-কাজী ইমদাদুল হক)। ৩ ঘুষ (দারোগাকে নজর দেওয়া)। নজরনিয়াজ (বিশেষ্য) উপঢৌকন; ভেট; সেলামি (নিয়াজ বাবদ তিনি নয় লক্ষাধিক টাকা পাইয়াছিলেন-সেও)। নজর সেলামি (বিশেষ্য) উপঢৌকন; ভেট; উপহার (অনেক লাখোরাজদারের জমি বাজেয়াপ্ত হওয়াতে ও তাগিদের সনদ না থাকাতে তাহারা কেবল আনাগোনা করিয়া ও নজর সেলামি দিয়া ক্রমে ক্রমে প্রস্থান করিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নজরানা, নযরানা (বিশেষ্য) ১ দর্শনী; উপঢৌকন; উপহার; ভেট (পরান দিলাম নজরানা দান-কাজী নজরুল ইসলাম; সে উস্তাদদের যথাযোগ্য নযরানা প্রদান করল-জগলুল হায়দার আফরিক)। ২ রাজা-বাদশাহ প্রভৃতির সহিত সাক্ষাৎকালে প্রজা বা অধীন কর্মচারী প্রদত্ত সালামি বা দর্শনী (তারে ধরে লয়ে যায়, নজরানা বলে বার লক্ষ টাকা চায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) নজর্‌};

12 views