3 Answers
নাড়া ১ অর্থ
[নাড়া] (বিশেষ্য) ১ ধান কেটে নেওয়ার পর ধান গাছের যে অংশ জমিতে অবস্থিত থাকে (নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে-জসীমউদ্দীন)। ২ খড়। নাড়াবুনে (বিশেষণ), (বিশেষ্য) ১ নাড়াবনের লোক; চাষা (‘যতো ছিল নাড়াবুনে সব হলো কিত্তুনে’) ২ অজ্ঞ; মূর্খ; অনভিজ্ঞ; অরসিক; বেরসিক। নাড়ার পালা (বিশেষ্য) ১ নাড়ার স্তূপ বা গাছ। ২ অন্তঃসারশূন্য মোটা লোক। যতো ছিল নাড়াবুনে সব হলো কিত্তুনে-যতোসব অজ্ঞ অরসিক জনের মর্যাদা বা কর্তৃত্ব লাভ। {(তৎসম বা সংস্কৃত) নাল>};
নাড়া ২ অর্থ
[নাড়া] (বিশেষ্য) ১ ঝঁকুনি (মুখ নাড়া)। ২ চালনা; আন্দোলন; দোলানো (হাত নাড়া ঘন ডাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়া) ১ দোলানো বা চালনা করা (মাথানাড়া)। ২ ঘোঁটা (চামচ দিয়ে নাড়া)। ৩ ঘাঁটা; এলোমেলো করা (খাতা-পত্র নাড়া)। ৪ শব্দ বা ধ্বনি সৃষ্টি করা; বাজানো (ঘন্টা নাড়া)। ৫ স্থানচ্যুত করা; অন্যত্র সরানো; remove (রোগীকে নাড়া, ঠাঁই নাড়া)। ৬ চর্চা বা আলোচনা করা (শাস্ত্র নাড়া)। নাড়াচাড়া (বিশেষ্য) ১ ঘাঁটাঘাঁটি। ২ সঞ্চালন; চালনা। ৩ স্থান পরিবর্তন; স্থানচ্যুতি। □ (ক্রিয়া) বারংবার বিচার করা; পরীক্ষা করা; চর্চা বা আলোচনা করা (ভেবেছিলুম ওদের সাংখিক তালিকা নেড়েচেড়ে দেখতে পাবো-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাড়া দেওয়া (ক্রিয়া) ১ আন্দোলিত করা। ২ নেড়ে আঘাত দেওয়া বা দুঃখ দেওয়া। নাড়ানো (ক্রিয়া) ১ আন্দোলিত করা; স্থানচ্যুত করা। ২ সরানো; নাড়ানো। ধনের নাড়া দেওয়া (ক্রিয়া) ধনের খোঁটা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) √নড়্> √নাড়্+ (বাংলা) আ};
নাড়া ৩ অর্থ
[নাড়া] (বিশেষ্য) ১ যার মাথা নেড়া করা হয়েছে; পত্রপল্লবহীন। ২ লাল সুতা, শিষ্য গ্রহণের সময়ে সঙ্গীত-গুরু এই সুতা শিষ্যের মণিবন্ধে বেঁধে দেন। নাড়ার ফকির (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বৈষ্ণব-বাউল প্রভাবিত মুসলমান মরমি সাধক লালন-শাহর মতাবলম্বী সম্প্রদায়। নাড়া বাঁধা (বিশেষ্য) উচ্চাঙ্গ সঙ্গীত ইত্যাদিতে গুরু কর্তৃক শিষ্যকে সবক দেওয়ার অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট> (মদ্যযুগীয় বাংলা) নাণ্ডা>};