1 Answers

পদার্থবিদ্যায় নানারকমভাবে বহু-মহাবিশ্ব (Multiverse) বা সমান্তরাল মহাবিশ্ব (Parallel universe)-এর ধারণা আসে। একাধিক তত্ত্ব নিয়ে একটা উত্তরে লেখা কঠিন কারণ অন্তত ৯/১০ প্রকারের বহু-মহাবিশ্বতত্ত্ব হয় (যেমন- কুইল্টেড, মেনি-ওয়ার্ল্ড, ইনফ্লেশনারী, ব্রেন, সাইক্লিক, ল্যান্ডস্কেপ, হলোগ্রাফিক, সিমুলেটেড, আল্টিমেট আন্সাম্বল ইত্যাদি)। তাই আমি এই উত্তরটি স্ট্রিংতত্ত্বের আলোকে যে বহু-মহাবিশ্বতত্ত্বগুলি হয় (যেমন- ব্রেন, সাইক্লিক, ল্যান্ডস্কেপ ইত্যাদি) তারও একটি বিশেষ ধরণ সম্পর্কে লিখতে চাই (ব্রেন)। স্ট্রিংতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয়ঃ স্ট্রিং থিওরী’ পদার্থবিদ্যার অন্তর্গত একটি বিরাটমাপের বিষয় যা চেষ্টা করে পদার্থবিদ্যার যে পরম লক্ষ্য- একটি সর্ববিষয়ক তত্ত্ব অর্থাৎ Theory of Everything এর সন্ধান- সেইরূপ একটি তত্ত্ব হয়ে ওঠার জন্য। বর্তমানে মহাজগত ও কণাজগতের জন্য পদার্থবিদ্যায় দুটি প্রতিষ্ঠিত তত্ত্ব রয়েছে- যথাক্রমে সাধারণ আপেক্ষিকতাবাদ (যা আসলে মহাকর্ষের তত্ত্ব) ও কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্ব। সাধারণ আপেক্ষিকতা হল একটি সনাতন তত্ত্ব, এর কোয়ান্টাম রূপ নেই। তাই পদার্থবিদ্যার পরম লক্ষ্য হল মহাকর্ষের একটি কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ ‘কোয়ান্টাম মহাকর্ষ’ তত্ত্ব সৃষ্টির মাধ্যমে কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্বের সাথে মহাকর্ষের মেলবন্ধন ঘটিয়ে একটি ‘সর্ববিষয়ক তত্ত্ব’ বা ‘Theory of Everything’-এ পৌঁছানো। এই চেষ্টার থেকে সৃষ্ট একটি তত্ত্ব হল ‘স্ট্রিং তত্ত্ব’। স্ট্রিংতত্ত্ব সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিভঙ্গী থেকে কণা পদার্থবিদ্যাকে দেখতে শুরু করে। স্ট্রিংতত্ত্বের মূল উপাদান হল শক্তির অতিক্ষুদ্র কম্পনরত সুতোর মত পদার্থ যাকে বলা হয় ‘স্ট্রিং’। কণা পদার্থবিদ্যার কণাগুলিকে মাত্রাহীন বিন্দুকণা (Point particle) মনে করা হয়। কিন্তু স্ট্রিং তত্ত্বে মূলগত কণাগুলিকে একমাত্রিক স্ট্রিং দিয়ে প্রকাশ করা হয় (যারা বিন্দুবত নয়- দৈর্ঘ্য আছে)। মনে করা হয় নানারূপ কণার পরিবর্তে প্রকৃতিতে আছে কেবল এইরূপ দুইরকম স্ট্রিং (মুক্ত অর্থাৎ একটি রেখার মত এবং বদ্ধ অর্থাৎ একটি ফাঁসের মত)। এই স্ট্রিংগুলির নানারূপ কম্পনই ধরা দেয় নানারূপ ও নানা বৈশিষ্ট্যযুক্ত মূলগত কণা হিসেবে। এভাবে স্ট্রিংতত্ত্ব অনেক মূলগত কণাকে শুধুমাত্র স্ট্রিং দিয়ে একীভূত করে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, স্ট্রিং তত্ত্ব আপনা থেকেই মহাকর্ষের জন্যও একটি কণার অস্তিত্ব ঘোষণা করে অর্থাৎ এটি স্বাভাবিকভাবেই মহাকর্ষের একটি কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ ‘কোয়ান্টাম মহাকর্ষ তত্ত্ব’।

8799 views Answered

Next steps