1 Answers

১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাঙালি সাধারণ মানুষের ওপর শুরু করে বৈষম্য, শোষণ ও বঞ্চনা। তারা প্রথমেই আক্রমণ করেছিল আমাদের মাতৃভাষার ওপর। এরপর একে একে বৈষম্য চালাতে শুরু করে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সামাজিক অধিকারের ওপর। ঠিক এই সময়ে আবির্ভাব ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের একটি অন্যতম কারণ হচ্ছে বঙ্গবন্ধুর মতো একজন সাহসী, দূরদর্শী নেতার আবির্ভাব। তাঁর নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। উজ্জীবিত জাতি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। পাকিস্তানি সামরিক সরকার এ পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে সাধারণ মানুষ আপসহীন অবস্থান নিয়েছিল তখন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ ঘুমন্ত বাঙালির ওপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। এর পরপরই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতা ঘোষণার পরই সারা দেশে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের অন্য একটি অন্যতম কারণ হচ্ছে মুজিবনগর সরকার গঠন। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই সরকারের রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। মুক্তিযুদ্ধ পরিচালনায় এবং বিশ্বব্যাপী জনসমর্থন আদায়ে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের পেছনে আরেকটি কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য ও সহযোগিতা। ভারত, সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশ সেই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের এক কোটিরও বেশি মানুষ ভিটামাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত আমাদের অনেক মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিল। সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এই বিজয় ছিনিয়ে আনতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক, রাজনীতিবিদ, ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম সব পেশার, সব শ্রেণির বাঙালি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছিল স্বাধীনতার জন্য। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছিল অনেক ত্যাগ আর অনেক রক্তের বিনিময়ে।

7630 views

Related Questions