2 Answers
কাপড়ের সব দাগ তুলতে এই লেখা গুলো দেখুন আশা করি কাজে দিবে। কাপড়ে তেল জাতীয় দাগ : ক) দাগের স্থানে গুড়া পাউডার দিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন। খ) প্রথমে কাপড় থেকে অতিরিক্ত তেল পেপার, টাওয়াল বা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে শুষে নিতে হবে। এরপর দাগের ওপর কাপড়ে বাসন ধোয়ার ডিটারজেন্ট অল্প করে মাখিয়ে নিন ২ মিনিট পরে আরও ডিটারজেন্ট মাখিয়ে রেখে তারপর হালকা পানি দিয়ে ধুয়ে নিন। গ) প্রথমেই তেলের জায়গায় পুরু করে ট্যালকম পাউডার লাগান। দশ মিনিট পর ঝেড়ে ফেলুন। এভাবে আরও একবার করুন। এবার নরম কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে তাতে সাবান বা ডিটারজেন্ট লাগিয়ে হালকা ভাবে সেই জায়গায় ঘষুন। পরে সাবধানে পরিষ্কার ভেজা কাপড় বা পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন। তারপর পানি ঝরিয়ে, অল্প সময় রোদে রেখে পরে আয়রন করে নিন। ২) কাপড়ে লিপস্টিকের দাগ : ক) দাগের স্থানে গ্লিসারিন অথবা পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। খ) দাগের স্থানে স্পিরিটে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দাগ গায়েব হয়ে যাবে। ৩) কাপড়ে নেলপলিশের দাগ : দাগের স্থানে রিমুভার লাগিয়ে জায়গাটা ভিজিয়ে নিন। এরপর ১ চা চামচ ডিটারজেন্ট গরম পানিতে মিশিয়ে কাপড় ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। ৪) কাপড়ে চায়ের দাগ : ক) চা ও কফির দাগ তুলতে দাগের ওপর গরম পানি ঢালুন। দেখবেন সঙ্গে সঙ্গে দাগ গায়েব। খ) তরল দুধ দিয়ে ধুয়ে ফেললেও দাগ উঠে যাবে। গ) অনেকদিনের লাগা চা-কফির দাগ তুলতে ওই অংশটা অল্প গরম পানি ও বোরিক পাউডারের মিশ্রণে ডুবিয়ে রাখুন। ৫) কাপড়ে সসের দাগ : প্রথমেই ঠা-া পানি দিয়ে দাগের স্থান ধুয়ে নিন। এরপর সোডা বা একফালি লেবু দিয়ে জায়গাটা ভালো করে ঘষে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন। এতেও যদি দাগ না যায় তবে হালকা গরম পানিতে আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার, ১ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে মিশ্রণে কাপড়টি ১৫ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেললে দাগ ওঠে যাবে। ৬) কাপড়ে কাঁচা মাছ, মাংস বা ডিমের দাগ : কাপড় ঠা-া পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর সাবান ঘষে ধুয়ে ফেলুন। ৭) কাপড়ে পানের দাগ : দাগের স্থান লেবু অথবা দই লাগিয়ে দিলে দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসবে। ৮) কাপড়ে তরকারির হলুদ দাগ : দাগের জায়গায় ভিনেগার লাগিয়ে রেখে দিন দশ মিনিট। তারপর সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। ৯) কাপড়ে ফলের রসের দাগ : দাগযুক্ত কাপড়ের উপড় লবণ ছড়িয়ে দিয়ে ঠা-া পানিতে কাপড় ভিজিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১০) কাপড়ে মরিচার দাগ : প্রথমে লেবুর রস দিয়ে দাগের উপর ঘষুন, দেখবেন দাগ অনেক খানি চলে গেছে। এবার সেখানে কিছুটা খাবার সোডা বা লবণ ছড়িয়ে রোদে মেলে দিন। কিছুক্ষণ পরে সাবান ও হালকা গরম পানি দিয়ে ধুলে দাগ চলে যাবে। ১১) কাপড়ে মেহেদির দাগ : জায়গাটি গরম দুধে ভিজিয়ে রাখুন কিছু সময়। পরে সাবান দিয়ে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। ১২) কাপড়ে আলকাতরার দাগ : দাগের জায়গায় খানিকটা কেরোসিন ঘষে ঘষে লাগান। পরে শুকিয়ে গেলে সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন। সময়ের সাথে কেরোসিনের গন্ধ চলে যাবে। ১৩) কাপড়ে ছবি আকাঁর রঙ এর দাগ : একটি পুরোনো টুথব্রাশ ফিনাইলে ডুবিয়ে দাগলাগা জায়গায় ঘষুন। দাগ মুহূর্তেই গায়েব হয়ে যাবে। ১৪) কাপড়ে রক্তের দাগ : ক) স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে পরিষ্কার করুন। রক্তের দাগ যদি শুকিয়ে যায় তবে লবণ মেশানো পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। মনে রাখবেন জামাকাপড়ে রক্তের দাগ লাগলে কখনও গরম পানি দিয়ে ধোবেন না। খ) কাপড়ে রক্তের দাগ যদি পুরনো হয় তাহলে ঠা-া পানিতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে কাপড় কমপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর ধুয়ে নিন। এরপর অল্প সাবান দিয়ে আবার ধুয়ে নিন। ১৫) কাপড়ে চিউইংগাম লেগে গেলে : প্রথমেই কাপড় একটি পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রাখুন। একটু পরে কাপড় বের করে সাবধানে ভোঁতা ছুরির ডগা দিয়ে চিউইংগাম তুলে ফেলুন। তারপর সেই জায়গাটির ওপরে- নিচে ব্রাউন পেপার রেখে আয়রন করে নিন। ১৬) কাপড়ে মোম লেগে গেলে : প্রথমে চামচ বা ভোঁতা ছুরি দিয়ে সাবধানে চেঁছে ফেলুন। তারপর দাগের ওপরে ও নিচে ব্রাউন পেপার রেখে গরম ইস্ত্রি ঘষে নিন। দাগ উঠে যাবে। ১৭) বলপয়েন্টের দাগ : ক) যেখানে কালির দাগ লেগেছে প্রথমেই তা কলের ঠান্ডা পানিতে মেলে ধরুন। যদি দাগ ছড়িয়ে যায় তা হলে আধা ঘণ্টার মতো দইয়ে ডুবিয়ে রাখুন। কিন্তু শুকনো হতে দেবেন না। আধা ঘণ্টা পর সাবান পানিতে ধুয়ে ফেলুন। কালির দাগ লাগা জায়গায় খানিকটা লবণ দিয়ে স্বাভাবিকভাবে ধুয়ে নিন। ওই জায়গায় লেবুর রস ঘষে দু’এক মিনিট রেখে পানিতে ধুয়ে নিন। দেখবেন কালির দাগ কোথায় হারিয়ে গেছে। খ) সুতি কাপড়ে কলমের কালির দাগ তুলতে লঘু অক্সালিক এসিড দিয়ে অ্যামোনিয়া দ্রবণে ধুয়ে নিন। অ্যামোনিয়ার পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। গ) রেশম, পশম, সিল্ক কাপড়ে কালির দাগ লাগলে অ্যাসিটিক এসিডের দিয়ে অক্সালিক এসিডে ধুয়ে নিন। মনে রাখবেন যদি সাবান পানি দিয়ে দাগ না ওঠে, তবেই এটি ব্যবহার করবেন। ঘ) এ ছাড়া মেথিলেটেড স্পিরিট তুলায় নিয়ে দাগের জায়গায় ঘষলে দাগ উঠে যাবে। আরো কিছু প্রয়োজনীয় টিপস: ১) কাপড়ে দাগ লাগার সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তারপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। ২) সাদা কাপড়ে দাগ লাগলে লিক্যুইড ব্লিচ দিয়ে ধুতে হবে। আর যদি রঙিন কাপড় হয় তবে কালার সেফ ব্লিচ ব্যবহার করতে হবে। ৩) দাগ কখনোই এলোমেলোভাবে ঘষে তোলা উচিত নয়। তুলা বা স্পঞ্জে দাগ তোলার উপাদান নিয়ে বৃত্তাকারে ঘষবেন। তাহলে দাগ চারপাশে ছড়িয়ে পড়বে না। ৪) রঙিন কাপড় ভেজানোর আগে পানিতে লবণ গুলিয়ে নেবেন। এতে রঙ ওঠার ভয় থাকবে না। ৫) সুতি কাপড় পরিষ্কার করতে ক্লোরিন বা কাপড় কাচার সোডা ব্যবহার করতে পারেন। ৬) শার্টের কলার বা হাতা পরিষ্কার করার সময় ব্রাশ ব্যবহার করতে পারেন। ৭) সাদা সুতি কাপড় গরম পানি আর সাবান দিয়ে পরিষ্কার করলে হলদেটে ভাব চলে যাবে। তারপর নীল দিয়ে কড়া রোদে শুকিয়ে নিন। ৮) খুব ঘাম যাদের হয় তাদের পোশাক কাচার আগে পানিতে ভিজিয়ে নিবেন। তারপরে ডিটারজেন্টে ভেজাবেন। ৯) জামায় কাদা লাগলে তখনই না ধুয়ে শুকোতে দিন। এরপর পানিতে ডিটারজেন্ট মিশিয়ে জামা ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। এরপর ধুয়ে নিন। ১০) যদি এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে যায়, তাহলে প্রথমে শুধু পানিতে চার-পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দাগটা হালকা হয়ে এলে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করুন। ১১) শার্ট ধোয়ার সময় কলার ও কাফ পানিতে ভিজিয়ে তার উপরে কয়েক ফোঁটা শ্যাম্পু ছড়িয়ে নিন। তারপর ঘষে ধুয়ে ফেলুন। তেল চিটচিটে ময়লা ও দাগ চলে যাবে। ১২) কাঁচা টমেটোর রস খুব ভাল দাগ তুলতে পারে। এমনকি কাপড়ে লাগা লাল ও কালো কালির দাগও উঠে যায় সহজে। দাগ লাগা জায়গায় কাঁচা টমেটোর রস ঘষে নিয়ে ধুয়ে নিন। ভিনিগার ও মুলতানি মাটির মিশ্রণ বেশিরভাগ দাগ তুলতে অব্যর্থ। দাগ লাগা জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে শুকিয়ে নিন। এবার বেশি পানিতে চুবিয়ে দেখবেন দাগ কোথায় উধাও হয়ে গেছে। ১৩) সাবান পানি যে কোন হলুদ লাগা অংশে ঘষতে থাকুন। খানিক বাদে তা গোলাপি রঙ ধরলে সূর্যের আলোয় শুকিয়ে নিন। ১৪) দীর্ঘদিনের পুরনো দাগ তুলতে ভিনেগার বা লেবু দিয়ে ঘষে তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। আশা করছি টিপগুলো সবার কাজে লাগবে।